দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ প্রকাশ্য মীরাবাই চানুর কঠিন চ্যালেঞ্জ জয়ের কথা। তাঁর রুপো জয় যে সহজে আসেনি, সেটি বারবার প্রমাণ হচ্ছে।
রিও অলিম্পিকে তিনি ব্যর্থ হয়েছিলেন। চোটের কারণে স্বপ্ন শেষ হয়ে যায়। সেটি মাথায় ছিল মীরার। সেই কারণেই টোকিও অলিম্পিকে পদক জয়ের জন্য মরিয়া ছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু পদক জয়ের আগের বিকেল থেকে চানুর শরীর খারাপ হতে শুরু করে। বাড়তে থাকে ঋতুস্রাবের যন্ত্রনা। কোচ ও তিনি নিজেও চিন্তায় পড়ে গিয়েছিলেন।
একদিকে ঋতুস্রাবের যন্ত্রনা, অন্যদিকে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। কারণ ওজন বেড়ে গেলে ভারোত্তোলক ইভেন্টে সমস্যা হয়ে থাকে। ওজনভিত্তিক পার্থক্য হয়ে যায়। সেই কারণেই চানু মাংস ও কড়াইশুঁটি ছাড়া কিছু মুখে তোলেননি। যদিও গত দু’দিন প্রায় কিছুই খাননি চানু। তিনি জানতেন আচমকা শরীর ভারী হয়ে গেলে নানাবিধ সমস্যা হতে পারে। দেশে ফিরে অবশ্য নিজের প্রিয় পিৎজা খেয়েছেন তিনি।
চানুর বেশি সমস্যা হয়েছে ঋতুস্রাব নিয়ে, কারণ শারীরিক ওই সমস্যা তো ছিলই, মানসিকভাবে ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন বলেই তিনি সফল হয়েছেন। তিনি নিজেই দেশে ফিরে এমন কথা বলেছেন। কোচ বিজয় শর্মা ছাত্রীকে সমানে সাহস জুগিয়েছেন। চানু বলেছেন, আমাদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়েই থাকে, তবে সর্বোচ্চ পর্যায়ে নামার আগে এই ধরনের সমস্যা হলে ট্রেনিংয়ে বাধা আসে। তাই খানিক চিন্তায় পড়ে গিয়েছিলাম। কঠোর নিয়মাবর্তুতার মধ্যেই চানু এগিয়েছেন।