
মাইকেল ভন ও রোহিত শর্মা
শেষ আপডেট: 1 April 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: নামের জোরেই টিকে আছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তা না হলে এতদিনে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দল থেকে বাদ পড়তেন তিনি। এভাবেই চাঁছাছোলা ভাষায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে আক্রমণ শানালেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন (Micahel Vaughan)।
প্রসঙ্গত, চলতি আইপিএলের শুরুতেই দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছেন রোহিত। প্রথম ম্যাচে শূন্য রানে আউট। গতাকাল করেছেন ১৩ রান। তিনটি ম্যাচে সব মিলিয়ে ২১ রান তুলেছেন। ওয়াংখেড়েতে নাইট রাইডার্সের বিরুদ্ধে দল ৮ উইকেটে জিতলেও নিষ্প্রভ ছিলেন রোহিত শর্মা। আর এই নিয়েই সরব হয়েছেন ভন। বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, রোহিত এখন মুম্বইয়ের অধিনায়ক নন, খেলোয়াড় মাত্র। তাঁকে সেই হিসেবে বিচার করতে হবে। তিনি একটা মাঝারি হিসেব নিয়ে পার পেরোতে পারেন না। তোমার নাম রোহিত শর্মা না হলে এই পরিসংখ্যানের জেরে কখনও না কখনও তোমায় দলে জায়গা হারাতেই হবে। এই সংখ্যা রোহিতের মতো ক্রিকেটারের জন্য যথেষ্ট নয়।‘
ভনের ব্যাখ্যা, যেহেতু ভারতের তারকা ক্রিকেটার ইতিমধ্যে জাতীয় দল ও তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে একটা জায়গা করে নিয়েছেন, একা হাতে একটা সংস্কৃতির জন্ম দিয়েছেন, ট্যাকটিশিয়ান হিসেবে নিজস্ব জায়গা গড়ে তুলেছেন, তাই বারবার অফ ফর্মে থাকা সত্ত্বেও নিজের কুর্সি ধরে রেখেছেন তিনি।
এই নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মন্তব্য, ‘আমি এই সংখ্যা মেনে নিতে পারছি না। যেহেতু ও আর অধিনায়ক নয়, তাই আমাদের স্রেফ ব্যাটার হিসেবেই পারফরম্যান্স যাচাই করতে হবে। আমি বলছি না, মুম্বই শিবির এখনই ওকে বাদ দেবে, বসিয়ে রাখবে। কিন্তু দলের একজন তারকা ক্রিকেটার, ব্যাটিং অর্ডারে গোড়ায় নামা একজন অভিজ্ঞ খেলোয়াড়ের পক্ষে এটা বেশ সমস্যার।‘
শুধু এবারের পরিসংখ্যান নয়। গত বেশ কয়েক বছরের হিসেবও বলছে, আইপিএলে বহুদিন ধরেই ছন্দে নেই রোহিত। বিগত পাঁচটি সিজনে মাত্র ছ’বার পঞ্চাশের উপর রান তুলেছেন তিনি। সেঞ্চুরি এসেছে একবার। গত বছর চেন্নাইয়ের বিরুদ্ধে। তাও হেরে যাওয়া ম্যাচে। মুম্বই শিবিরের জন্য যেটা সবচেয়ে চিন্তার বিষয়, সেটা হচ্ছে, গত ছ’বছরে একটিবারও আইপিএল টুর্নামেন্টে ৪০০ রানের গণ্ডী পেরোননি রোহিত।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হেরে অধিনায়ক হার্দিক নাম না করে নিশানা করেছিলেন। সাফ জানিয়েছিলেন, দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। এরপর কলকাতা ম্যাচ। টিম জিতে যাওয়ায় ব্যর্থ হয়েও এ যাত্রা বেঁচে গেছেন রোহিত। কিন্তু কতবার? আর কত’তম ম্যাচে রান পেয়েও বহাল তবিয়তে রয়ে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? সেই জল্পনাই উস্কে দিয়েছেন মাইকেল ভন।