
কে এল রাহুল
শেষ আপডেট: 11 April 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ক্রিকেট দুনিয়া শান্ত, ধীর, স্থির খেলোয়াড় হিসেবেই চেনে। এর আগেও বহুবার ফর্ম নিয়ে, দলে থাকা-না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবু সমস্ত বিতর্ককে পাশ কাটিয়ে নিজের কাজটুকু নিজে করে গেছেন কে এল রাহুল।
গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম স্টেডিয়াম অন্য এক রাহুলের সাক্ষী থাকল। যে রাহুল আগ্রাসী, আক্রমণাত্মক এবং একই সঙ্গে প্রতিবাদী। তিনটি মূর্তিই একত্রে জুড়ে গেলে যেটা দাঁড়ায়, সেই চেহারায় দেখা দিলেন দিল্লি ক্যাপিটালসের তারকা। ৫৩ বলে ৯৩ রান করে নট আউট থাকলেন ঠিকই। কিন্তু সেটাই কি কারণ? মোটেও নয়। বিস্ফোরক ইনিংস সাজানো থাকল ছ’টি ছক্কা ও সাতটি চারে। সেটাও কি কারণ? মোটেও নয়।
কাল তামাম ক্রিকেট অনুরাগী রাহুলের অন্য একটি চেহারা দেখলেন তাঁর উচ্ছ্বাস দেখানোর ভঙ্গিমায়, সেলিব্রেশনের ধরনে। সেটাও নিজের অর্ধশতরান পূরণ করে নয়। টিমকে জিতিয়ে। জয়সূচক রানের পর দিল্লির নতুন নায়ক ব্যাট দিয়ে ক্রিজের চারপাশে বৃত্ত টানলেন। তারপর সেটা ঠুকে জার্সির ব্যাজ ঠুকে সদম্ভে ঘোষণা করলেন—এটা আমারই স্টেডিয়াম!
POV: It's his home ground ????????#TATAIPL | #RCBvDC | @klrahul | @DelhiCapitals pic.twitter.com/kV7utADWjU
— IndianPremierLeague (@IPL) April 10, 2025
ঠিক যেন এক সৈনিক। নতুন রাজ্য দখল করে নিজের অধিকার সোচ্চারে ঘোষণা করছেন! মাঠের সেই উৎসব মাঠেই থেমে থাকল না। লড়াই জিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘এটা আমার মাঠ, আমার ঘর। যে কারও থেকে একে ভাল ভাবে চিনি।‘
Never seen KL RAHUL this ANGRY before!!
— Jyotirmay Das (@dasjy0tirmay) April 10, 2025
He was Here to Make a STATEMENT ???????? pic.twitter.com/EspMvovYCB
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ১৬৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গোড়ায় উইকেট খুইয়ে বিপদে পড়ে দিল্লি ক্যাপিটালস। তখনই হাল ধরেন রাহুল। ধীরগতিতে ইনিংস এগিয়ে নিয়ে যান। তারপর আচমকা গিয়ার বদলান। ঝুঁকি নিয়েও বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন। ম্যাচ জিতে রণকৌশল ফাঁস করেছেন রাহুল। বলেছেন, ‘গোড়ার দিকে উইকেটে কিছুটা ধাঁধা ছিল। কিন্তু উইকেটের পেছনে ২০ ওভার দাঁড়ানোর কারণে পিচের চরিত্র বুঝে যাই।‘ এরপর জুড়েছেন, ‘আমি শট বাছাই নিয়ে নিঃসংশয় ছিলাম। চেষ্টা করেছিলাম যাতে দলকে ভাল শুরুয়াত দিতে পারি। তারপর ধীরে ধীরে গতি পাল্টাই। আসলে সবকিছুই মাঠের পরিবেশ অনুযায়ী বদলাতে হয়।‘
কীভাবে কঠিন পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করলেন? প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আমি প্রস্তুতি নিচ্ছিলাম। পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলাম। দু’বার আউট হলেও কোথায় কোথায় মারতে পারি, কোথায় সিঙ্গল নিতে পারি, সেই নিয়ে প্র্যাকটিস চালাই।‘
প্রসঙ্গত দুর্দান্ত ব্যাটিং ও দুর্ধর্ষ বোলিংয়ের সৌজন্যে দিল্লি ক্যাপিটালস চলতি টুর্নামেন্টে অপরাজিত। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছেন রাহুলরা।