
শেষ আপডেট: 20 December 2023 15:02
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে এসে রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ এসে গিয়েছে। যিনি কিনা ছিলেন গড়পড়তা একজন সাধারণমানের ক্রিকেটার, তিনি নিমেষের মধ্যে হয়ে যাচ্ছেন ‘বড় তারকা’।
সবসময় অর্থ মাপকাঠি হয় না ক্রিকেটারদের ক্ষেত্রে। কিন্তু আইপিএল নিলামের পরে কিছু ক্রিকেটার হয়ে উঠেছেন প্রকৃত অর্থের তারকা। যেমন শুভম দুবে, যাঁর নিলামের বেস প্রাইজ ছিল মাত্র ২০ লক্ষ টাকা। ২৭ বছরের ব্যাটিং অলরাউন্ডারকে পাঁচ কোটি ৮০ লক্ষ টাকায় নিয়েছে রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজি।
সৈয়দ মুস্তাক আলি টি ২০ ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে ভাল খেলার পুরস্কারস্বরূপ তাঁকে নিয়েছে মরুশহরের দল। বাংলার বিরুদ্ধে একটি ম্যাচে ২০ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। মোট রান করেছিলেন ২২২ রান।
ক্রিকেট জীবনের শুরুতে শুভমের কিটস কেনার টাকা পর্যন্ত ছিল না। বাবার ছিল বাড়ির সামনে সামান্য পানের দোকান। সেই ব্যবসা থেকে নুন্যতম আয় ছিল তাঁদের পরিবারের ভরসা। শুভমের এই জীবন বদলের দিনে তাঁর পরিবার খুব খুশি। স্থানীয় নবজ্যোতি ক্লাব থেকে শুভমের উত্থান। স্থানীয় টুর্নামেন্টে ৪৪ বলে ৮৯ রানের একটি ইনিংস পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে তাঁকে।
সেই শুরু, তারপর একের পর এক চমক দেখিয়ে চলেছেন। এবার অখ্যাত এই ক্রিকেটার আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, যজুবেন্দ্র চাহালদের পাশে তিনিও সমানভাবে রাজস্থান সংসারে উজ্জ্বল থাকবেন। কানপুরের কমল স্কোয়ার অঞ্চলে সাধারণ এক বাড়িতে থাকেন শুভম।
অনেকেই শুভমের নাম শুনে শিবম দুবের সঙ্গে তুলনাও করেছেন। চেন্নাই সুপার কিংসের তারকার মতো শুভমেরও ব্যাটিং স্টাইল। যাঁকে নিয়ে দিল্লি ও রাজস্থানের মধ্যে লড়াইয়ে নিলামে বাজিমাত করেছে মরুশহরের দল।