
শেষ আপডেট: 29 February 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ক্রিকেটে ফের গড়াপেটার কলঙ্ক। কেন ১৯৮৯-৯০ মরশুমের পরে বাংলা রঞ্জিতে চ্যাম্পিয়ন হতে পারে না, তার প্রমাণ পাওয়া গিয়েছে। সিএবি ক্লাব হাউস দিনের পর দিন ঝাঁ চকচকে হচ্ছে, অথচ প্রদীপের নিচেই যে অন্ধকার, সেটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে।
কলকাতা ময়দানে প্রথম ডিভিশন ক্রিকেট লিগে মহামেডান স্পোর্টিং ও টাউনের মধ্যে ম্যাচে নক্কারজনক ঘটনা ঘটেছে। লিগের ম্যাচে দেখা গিয়েছে কেউ ইচ্ছে করে স্টাম্পিং হচ্ছেন। কেউ মারতে গিয়ে লোপ্পা ক্যাচ দিচ্ছেন ফিল্ডারকে।
সবথেকে বড় বিষয়, বাংলার একসময়ের তারকা কিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী মাঠে হাজির ছিলেন সেইসময়। তিনি ওই মুহূর্তগুলোর ভিডিও করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন। তারপরেই সকলের টনক নড়ে। শ্রীবৎস এই ঘটনায় ক্ষুব্ধ। তিনি একটা সময় বিরাট কোহলির সঙ্গে আইপিএলে বেঙ্গালুরু দলের সদস্য ছিলেন।
শ্রীবৎস বলেছেন, আমি জীবনে দেখিনি কোনও ব্যাটার আউট হওয়ার পরে গর্বের সঙ্গে মাঠ ছাড়তে পারে! টাউন ক্লাবের সচিব আবার সিএবি-র এক পদাধিকারী দেবব্রত দাস। তাঁর বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। ঋদ্ধিমান সাহার বাংলা ছাড়ার পিছনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে শোনা যায়। আধাসিকি কর্তা হয়ে তিনি কী করে সিএবি-তে বড় পদে বসতে পারেন, সেই নিয়েও সর্বত্রই ক্ষোভ রয়েছে।
এমনকী বৃহস্পতিবার দ্য ওয়াল-এর পক্ষ থেকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, ‘‘মার্চের দুই তারিখ আমরা সিএবি-তে জরুরি সভা ডেকেছি। সেখানেই এই বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শ্রীবৎস সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘‘এই ঘটনা কলকাতা লিগের সুপার ডিভিশনের। তার মানে বুঝতে পারছেন, বাংলা ক্রিকেটে কী চলছে! যে খেলাটিকে আমরা এত ভালবাসি, এত পছন্দ করি সেই খেলা নিয়ে রীতিমতো ছেলেখেলা চলছে। এতে আমি ব্যথিত বাংলার একজন ক্রিকেটার হিসেবে আমার লজ্জা হচ্ছে!’’
শ্রীবৎস আরও লিখেছেন, ‘‘ক্লাব ক্রিকেট হল বাংলা ক্রিকেটের হৃদয় ও আত্মা। দয়া করে এই খেলাটিকে কলুষিত করবেন না। আমার মনে হয় এটাকেই বলে গটআপ ক্রিকেট!’’