1.png)
মোহনবাগান
শেষ আপডেট: 29 April 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: বুধে সুপার কাপ ২০২৫ (Super Cup 2025)-এর সেমিফাইনালে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan SG)। মূলত রিজার্ভ বেঞ্চ (Reserve Bench) নিয়েই সুপার কাপ খেলতে ভুবনেশ্বর গিয়েছে মেরিনার্স। কিন্তু তারুণ্যে ভরপুর বাগানই শেষ আটের লড়াইয়ে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারে পা রেখেছে। আর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েই মরশুম শেষ করতে চাইছেন বাস্তব রায়ের ছাত্ররা।
চলতি মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে গঙ্গা পাড়ের ক্লাপ। লিগ-শিল্ড ও আইএসএল আগেই ঢুকেছে গোষ্ঠ পাল সরণির ক্লাবে। এখন বাকি রয়েছে সুপার কাপ। ভুবনেশ্বরে জিতলেই চলতি মরশুমে ট্রফি জয়ের হ্যাটট্রিক হবে মোহনবাগানের। আর সেই স্বপ্নে এখন বুঁদ মোহন সমর্থকরা।
তবে সেমিফাইনালে সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাসদের তরুণ ব্রিগেডের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, প্রতিপক্ষ এফসি গোয়া। যদিও প্রতিপক্ষকে নিয়ে চিন্তাই করছে না মেরিনার্স শিবির। দলের সকলের মুখেই আত্মবিশ্বাসের ঝলক। সবার লক্ষ্য একটাই, ট্রফি জিতে কলকাতায় ফেরা।
শনিবারের গুরুত্বপূর্ণ জয়ের পরে রবিবার রিকভারি সেশনে মন দিয়েছিল মোহনবাগান। ফুটবলারদের শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্ত রাখতে বাস্তব রায় ও তাঁর সহকারিরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। হোটেলের সুইমিং পুলে সাঁতার কেটে শরীর ঠান্ডা করেন দীপেন্দু বিশ্বাস, ধীরাজ সিং, সালাউদ্দিন, সুহেল ভাটরা। পরে ছিল জিম সেশনও।
এরপর গতকাল (সোমবার) সন্ধ্যায় বাস্তব রায়, সহকারী কোচ ডেগি কার্ডোজো, গোলকিপার কোচ অভ্র মণ্ডল ও পর্তুগিজ তারকা নুনো রেইসরা গিয়েছিলেন ইন্টার কাশী বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ দেখতে। এই ম্যাচে উপস্থিত ছিলেন এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজও। আইএসএলের লিগ শিল্ডে মোহনবাগান ছিল প্রথম, আর এফসি গোয়া দ্বিতীয়। ফলে ম্যাচ যে টানটান উত্তেজনার হতে চলেছে, তা বলাই বাহুল্য।
সুপার কাপের আগেই গোয়া ছেড়ে দিয়েছে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে। তবে এই দলে রয়েছেন বোর্হা হেরেরা, বাগান প্রাক্তনী কার্ল ম্যাকহিউ, সন্দেশ ঝিঙ্গানের মতো তারকারা। দল হিসাবে তারাও যথেষ্ট শক্তিশালী।
এদিকে মেরনির্সে রয়েছে, সাহাল, কুরুনিয়ান, দীপক টাংরির মতো অভিজ্ঞদের পাশাপাশি সুহেল ভাট, সালাউদ্দিন, দীপেন্দু, ধীরাজদের তরুণ ব্রিগেড। মোহনবাগান দল সেমিতে নামার আগে কতটা তেতে রয়েছে, তা স্পষ্ট ফুটে উঠল সাহালের কথায়। তিনি বলেন, “আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবি না। আমাদের একটাই লক্ষ্য মাঠে নেমে জেতা। এই টুর্নামেন্টে আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি।” একই সুর শোনা গেল আশিক কুরুনিয়ানের গলাতেও। তিনি বলেন, “মরশুমের শুরু থেকেই আমাদের লক্ষ্য সব ট্রফি জেতা। হয়ত কোনও ম্যাচে আমরা হেরে গিয়েছি, কিন্তু লক্ষ্য বদলায়নি। সমর্থকদের বলব, আমাদের পাশে থাকুন। আমরা আরও ভাল খেলব।”
বাগান সমর্থকরাও সুপার কাপ জয়ের স্বপ্ন দেখছেন। অনেকেই এর মধ্যে ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছেন ভুবনেশ্বর। কাল পালতোলা নৌকা, টিফো, ব্যানার নিয়ে পৌঁছে যাবেন প্রিয় দলের জয় দেখতে। সুপার কাপ জিততে আর মাত্র দু’টি ম্যাচের অপেক্ষা।