
শেষ আপডেট: 22 November 2023 09:53
দ্য ওয়াল ব্যুরো: বেনজির উত্তেজনা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় মারামারি, গ্যালারিতে হাতাহাতি সব মিলিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগেই চরম অব্যবস্থার অভিযোগ উঠল। শুরু থেকেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ম্যাচ শুরুর আগে গ্যালারিতে যা ঘটল তা বলার নয়। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তীব্র ধিক্কার জানিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পরে শুরু হয় খেলা। মারাকানায় অবশ্য শেষ হাসি হাসে আর্জেন্টিনাই। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খেলায় ঘরের মাঠে হারতে হয় ব্রাজিলকে।
বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খেলায় মেসি ব্রিগেডের কাছে হারতে হল ব্রাজিলকে। ম্যাচের ৬৩ মিনিটের মাথায়া কর্নার পায় আর্জেন্টিনা। কিক নেন লো সেলসো। ম্যাচ শুরু হওয়ার পর থেকে পরপর ফাউল করতে থাকে ব্রাজিল। ম্যাচের ৫ মিনিটে হলুদ কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন রাফিনহা। ৩৩ মিনিটে সেলেকাওদের হয়ে হলুদ কার্ড দেখেন কার্লোস অগাস্টো।
গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। সেকেন্ড হাফে ৬৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। ৮১ মিনিটে ব্রাজিলের জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ অবধি ১-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। গোটা ম্যাচে ২২টি ফাউল হয়েছে যার মধ্যে ১৬টিই করেছে ব্রাজিল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন মেসিরা। উরুগুয়ে ছাড়া কোনও খেলায় হারেনি গতবারের বিশ্বচ্য়াম্পিয়ানরা। আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৫।
ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই উত্তেজনার পারদ চড়বে। বছর দুই আগে ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়ের মিনিট পরেই ব্রাজিলের হেলথ এজেন্সির কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা কোয়ারেন্টাইন বিধি ভেঙেছেন এই অভিযোগ খেলা বন্ধ করে দেওয়া হয়। এদিনের ম্যাচও পণ্ড হতেই বসেছিল। গ্যালারিতে যেভাবে হাতাহাতি, মারামারি শুরু হয় তাতে খেলা ভেস্তে যাবে বলেই মনে হয়েছিল। শেষ অবধি সেই অগ্নিগর্ভ পরিস্থিতি সামলায় পুলিশ।