প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য ম্যান সিটি! স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গুয়ার্দিওলার দল।

রবিবার চেলসিকে হারিয়ে দিল সিটি
শেষ আপডেট: 13 April 2026 09:09
দ্য ওয়াল ব্যুরো: লিগ কাপে আর্সেনাল। এফএ কাপে লিভারপুল। এবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি (Manchester City)। পেপ গুয়ার্দিওলার দল এখন প্রিমিয়ার লিগে আর্সেনালের মাত্র ছয় পয়েন্ট পেছনে— হাতে অতিরিক্ত একটি ম্যাচ। মরসুমের শেষ দিকে এসে হালান্ডরা যেভাবে ছন্দ ফিরে পেলেন, তাতে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতার রক্তচাপ বাড়াটা স্বাভাবিক৷
চেলসিকে ধ্বংস করল সিটি
প্রথমার্ধে লড়াই ছিল পঞ্চাশ-পঞ্চাশ। কিন্তু বিরতির পর সিটি অন্য চেহারা ধারণ করে। ৫১তম মিনিটে নিকো ও'রেইলি গোল করেন—রায়ান চেকরির পাস থেকে। ৫৭তম মিনিটে চেরকিই অ্যাসিস্ট বাড়ান মার্ক গেহিকে। ইংরেজ ডিফেন্ডার পোড়খাওয়া স্ট্রাইকারসুলভ দক্ষতায় ফিনিশ করেন। ৬৮তম মিনিটে জেরেমি ডোকুর তৃতীয় গোলে খেল খতম।
টানা তিনটি বড় জয়—লিগ কাপ ফাইনালে আর্সেনালকে হারানো, এফএ কাপে লিভারপুলকে, এবার চেলসিকে উড়িয়ে বড় বার্তা দিল গুয়ার্দিওলার দল। মরসুমের ঠিক সময়ে ফর্মে ফিরেছে তারা।
অন্যদিকে লিয়াম রোজেনিয়রের চেলসির (Chelsea FC) অবস্থা বেশ খারাপ। শেষ সাত লিগ ম্যাচে মাত্র এক জয়। টপ ফাইভ থেকে এখন চার পয়েন্টে পিছিয়ে।
টটেনহামের অবনমন কি এখন সময়ের অপেক্ষা?
একই দিনে সান্ডারল্যান্ডের কাছে ১-০ হারল টটেনহাম (Tottenham Hotspur)। ইতালীয় ম্যানেজার রবার্তো দে জারবির প্রথম ম্যাচ—শুরুটা হল হার দিয়ে। মরসুমে ১৬তম পরাজয়। টানা ১৪ ম্যাচে জয় নেই। সেফটি জোন থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে—হাতে মাত্র ছয় ম্যাচ। নর্দি মুকিয়েলে স্টেডিয়াম অফ লাইটে একমাত্র গোল করেন। নটিংহাম ফরেস্টও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ড্র করে অবনমনের কাছাকাছিই থাকল। কিন্তু ১৮তম স্থানে নেমে সবচেয়ে বেশি চাপে টটেনহাম।