
গুয়াহাটি স্টেডিয়াম
শেষ আপডেট: 27 March 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম কেকেআরের ম্যাচে ইডেনের গার্ড রেল টপকে বিরাট কোহলির দিকে ছুটে যান এক অনুরাগী। সেই নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান বিসিসিআইয়ের অধিকর্তা রাজীব শুক্লা।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার প্রশ্ন উঠল আইপিএলের নিরাপত্তা নিয়ে। গতকাল গুয়াহটির অসম ক্রিকেট অ্যাসোশিয়েশনের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর-রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের অধিনায়ক হিসেবে মাঠে নামেন রায়ান পরাগ। দর্শকদের হর্ষধ্বনির মধ্যে উচ্চারিত হতে থাকে তাঁর নাম। উৎসাহী এক ভক্ত ইডেন ম্যাচের মতো ফেন্সিং ডিঙিয়ে মাঠে চলে আসেন। মাঠে তখন ব্যাট করছে কেকেআর। রাজস্থানের ইনিংস শেষ হয়ে গিয়েছে। তার মধ্যে পরাগের পায়ে লুটিয়ে পড়েন ওই অনুরাগী। জড়িয়েও ধরেন তাঁকে। গোটা ঘটনায় দৃশ্যতই হতভম্ভ হয়ে পড়েন রিয়ান। ম্যাচও থমকে যায়। পরে নিরাপত্তারক্ষীরা এসে ওই যুবককে ধরে নিয়ে গেলে খেলা শুরু হয়।
Fan breaches security to meet Riyan Parag! Cricket fever at its peak!????
— ◉‿◉ (@nandeeshbh18) March 26, 2025
[ Video Credits: @JioHotstar, @IPL #RiyanParag #RRvsKKR ] pic.twitter.com/xzlrQW44uq
প্রসঙ্গত, ইডেনের ঘটনা নিয়ে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো না হলেও এই নিয়ে মুখ খোলেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আর সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্যের জেরে বেঁধে যায় বিতর্ক। ওই অনুরাগী যুবক কীভাবে স্ট্যান্ড টপকে মাঠে দৌড়ে গেলেন, তার ভিডিও এক্স-হ্যান্ডেলে শেয়ার করে রাজীব ক্যাপশনে লেখেন, ‘বিরাটের ভক্তদের ভালবাসা সত্যি দুর্দান্ত’।
আর এটা দেখেই রেগে খাপ্পা ক্রিকেট অনুরাগীরা। বিসিসিআইয়ের পদস্থ কর্তা হিসেবে নিরাপত্তার এমন ত্রুটিকে তিনি যেভাবে নায়ক-বন্দনার আড়ালে ঢেকেছেন, তা যে আখেরে বিপদ ডেকে আনতে পারে, তা মনে করিয়ে দেন কেউ কেউ। একজন যেমন মন্তব্য করেন, ‘বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার এ ধরনের নিরাপত্তার গলদকে উৎসাহ দেওয়াটা অনুচিত। ঈশ্বর না করুন, যদি আগামি দিনে কোনও ক্রিকেটার আহত হন, তাহলে কে দায়ী থাকবে? দয়া করে সুরক্ষার ব্যবস্থা নিশ্ছিদ্র করুন।‘
উল্লেখ্য, রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও আদতে অসমের ছেলে। তাই ঘরের মাঠে খেলতে নামার কারণে দর্শকদের উন্মাদনা আকাশ ছুঁয়েছিল।