
মাদি তালাল
শেষ আপডেট: 20 December 2024 00:06
দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে থেকেও পাঞ্জাবের সঙ্গে জয় লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সমর্থকদের অনেকেই বলছেন, 'এই তো আমাদের ইস্টবেঙ্গল'। এই আবহে হঠাৎ ছন্দপতন দলে। কী না গোটা মরশুম থেকে মাদি তালালের ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল।
বাকি মরশুমে ফরাসি খেলোয়াড়ের চান্স পাওয়ার সম্ভাবনা কম সেটা আন্দাজ করা গিয়েছিল ওড়িশা ম্যাচে চোটের পরই। এরপর যখন মাদির এমআরআই করা হয় তার পরই প্রায় জানা যায় ন'মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
বৃহস্পতিবার রাতে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করে জানিয়ে দেওয়া হল তালাল আর গোটা মরশুমে খেলতে পারবেন না। এদিনই জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন অস্কার। বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে অনুশীলন করে লাল-হলুদ বাহিনী।
বৃহস্পতিবারের প্র্যাকটিসে যোগ দেননি নাওরেম মহেশ। তবে শোনা যাচ্ছে, শুক্রবার থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি। অন্যদিকে সাইডলাইনেই দেখা গিয়েছে হেক্টর ইউস্তেকে।
তবে এত সব চিন্তার মাঝেই একটা স্বস্তির খবর, ফিজিওর সঙ্গে সময় কাটানোর পর দলের সঙ্গে এদিন অনুশীলন করেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। অস্কার তাঁকে শনিবার দ্বিতীয়ার্ধে তাঁকে নামাতে পারেন। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এখন দেখার জয় দিয়েই লাল-হলুদ দল বছর শেষ করতে পারে কিনা।