
৮১ কিমিতে প্রথম হওয়া প্রত্যয় ভট্টাচার্য
শেষ আপডেট: 2 September 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: জলে কুমির। বন দফতরের বিশেষ টহলদারিতেই মুর্শিদাবাদে হল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন, বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। রবিবার ভোর ৫ টা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং ১৯ কিমি প্রতিযোগিতা শুরু হয়। বিকেলে বহরমপুরে কে এন কলেজ ঘাটের কাছে এসে শেষ হয় প্রতিযোগিতা। ৮১ কিলোমিটার বিভাগে মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
কলকাতার একটি ব্যাঙ্কে কর্মরত প্রত্যয় গত বছরও প্রথম হয়েছিলেন। এবার তাঁর সময় লেগেছে ১০ ঘন্টা ৫২ মিনিট। দ্বিতীয় বাংলার তপু সরকার এবং তৃতীয় স্থানে মহারাষ্ট্রের পার্থ সন্দীপ হাতাঙ্কর।
শুধু ৮১ কিমিই নয় জিয়াগঞ্জ সদরঘাট থেকে কে এন কলেজের ঘাট পর্যন্ত ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হয়। পুরুষ ও মহিলা উভয়কে নিয়ে এই প্রতিযোগিতা দুপুর দু'টো নাগাদ শুরু হয়। শেষ হয় বিকেলে। এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম হয়েছেন গৌরব কাবেরী। গত বছরও গৌরব এই বিভাগে প্রথম হয়েছিলেন। মহিলাদের ১৯ কিমিতে প্রথম হয়েছেন ব্যারাকপুরের বিশাখা ধারা। দ্বিতীয় অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থানে শেষ করেন ঈশিতা সাহা।
দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতা খুব একটা সহজ ছিল না। জলে কুমিরের আতঙ্ক ছিলই। বিশেষ টহলদারি নৌকা রাখা হয়েছিল গঙ্গায়। প্রশিক্ষিত বনকর্মীদেরও রাখা হয়েছিল যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।