
শেষ আপডেট: 23 December 2023 16:54
দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনার পরে এবার আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতেও জুটি বাঁধতে চলেছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। এই দুই বন্ধুর বহুদিনের ইচ্ছে তাঁরা একসঙ্গে ফুটবল থেকে অবসর নেবেন। সেই পরিকল্পনার আগাম ভাবনা হিসেবে দুই মহাতারকা জুটি বাঁধলেন কিনা, সেই নিয়েও আলোচনা চলছে।
সুয়ারেজ বার্সা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ও নাসিওনাল ক্লাবে খেলে যোগ দেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। মেসি পিএসজি ঘুরে এখন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবে রয়েছেন। মেসি যোগ দেওয়ার পরে এসেছেন জর্ডি আলবা, বুসকেতসরা। এবার সুয়ারেজ যোগ দিলে মিয়ামি হয়ে উঠবে অতি শক্তিশালী দল।
El comienzo de un nuevo sueño ⭐ pic.twitter.com/MG5DvX0Hbm
— Inter Miami CF (@InterMiamiCF) December 22, 2023
শনিবার মিয়ামির পক্ষ থেকেও সুয়ারেজকে স্বাগত জানানো হয়েছে। এটা লিখে নিচে মিয়ামির জার্সি পরা চার শিশুর ছবি দিয়েছে তারা। সেই চার শিশুর জার্সির পেছনে লেখা বার্সেলোনার প্রাক্তন চারজন ফুটবলারের নাম, মেসি, বুসকেতস, আলবা ও সুয়ারেজের নাম।
আমেরিকার নামী ওয়েবসাইট লিখেছে, সুয়ারেজের সঙ্গে মিয়ামির চুক্তি এক বছরের। সেই খবরেই সুয়ারেজকে পেয়ে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন মিয়ামির মালিকদের একজন হোর্হে মার্স। তিনি লিখেছেন, ‘আমাদের ক্লাবে বিশ্বমানের স্ট্রাইকার লুই সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। লুইস দুর্দান্ত একজন টিমম্যান। ওঁকে পেয়ে আমরা গর্বিত।’
মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামও বলেছেন, সুয়ারেজের মতো একজন বিশ্বমানের তারকাকে নিয়ে আসছি, এটাই আমাদের কাছে বড় বিষয়।