.webp)
লিওনেল মেসি
শেষ আপডেট: 10 July 2024 09:50
দা ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের হিসেবে কিছুটা রদবদল হল। কিছুদিন আগেও ভারতের সুনীল ছেত্রী গোলের দিক থেকে তালিকায় তিনে ছিলেন।
এদিন লিওনেল মেসি জাতীয় দলের হয়ে গোল করতে তিনি চলে এলেন দুইয়ে। ইরানের আলি দায়ি তিন নম্বরে চলে গিয়েছেন।
মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি পরেছিলেন। তারপর কেটে গিয়েছে ১৯ বছর। কত সাফল্য পেয়েছেন এরমধ্যে। অধরা বিশ্বকাপও জিতেছেন কাতারে।
কোপা আমেরিকা প্রথম সেমিফাইনালে মেসির করা দ্বিতীয় গোলের সুবাদে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা উঠেছে কোপা আমেরিকা ফাইনালে। মেসিও একইসঙ্গে নাম লেখালেন ঐতিহাসিক এক রেকর্ডে।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ইরানের আলি দায়িকে টপকে মেসির গোলসংখ্যা এখন ১০৯। ১৮৬ ম্যাচ খেলে এই গোলগুলি করেন তিনি।
২১২ ম্যাচে ১৩০ গোল করে সবার উপরে রয়েছেন মেসির সময়ে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপ থেকে ছিটকে যাওয়ায় রোনাল্ডোর আর গোল করার উপায় নেই।
একই সঙ্গে এবারের কোপা আমেরিকায় প্রথম গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল মিলে কোনও গোল পাননি তিনি। নামের পাশে ছিল মাত্র একটি অ্যাসিস্ট। এবার গোলখরা ফুটবল রাজপুত্রের কাটল।