
চিলির বিরুদ্ধে ম্যাচে চোটে কাতর মেসি।
শেষ আপডেট: 26 June 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: চিলির বিপক্ষে জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় মারাদোনার দেশের পক্ষে গোল দিয়েছেন লাউতারো মার্টিনেজ। গত ম্যাচে যে সময়ে গোল করেছিলেন, সেই একই সময়ে এবারও বিশ্বজয়ী দলকে উদ্ধার করেন লাউতারো।
ম্যাচ শেষে অবশ্য আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি চিন্তায় অধিনায়ক লিওনেল মেসির চোট নিয়ে। তিনি উরুতে চোট পান খেলার ২৪ মিনিটের মাথায়। চিলির ডিফেন্ডার সুয়াজোর ট্যাকলে উরুর পেশিতে চোট লাগে মেসির। সঙ্গে সঙ্গে ফিজিও দৌড়ে এসে সুপারস্টারের চিকিৎসা করলেও মেসি পুরোপুরি সুস্থ হননি।
ম্যাচ জেতার পর মেসি মিক্সড জোনে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘‘আমি এখনই বলতে পারব না চোট কী অবস্থায় রয়েছে। তবে খেলার সময় বেশ অস্বস্তি হচ্ছিল। একটা সময় আমি দৌড়তেও পারছিলাম না। ২৪ ঘণ্টা গেলে বুঝতে পারব মাঠে নামার মতো অবস্থায় থাকব কিনা।’’
এদিকে, পুরো ম্যাচ একচেটিয়া খেলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তারা বেশ কয়েকবার আক্রমণ গড়েছে। সেইসময় চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো পরিত্রাতার ভূমিকায় হাজির হন। এমনকী আর্জেন্টিনার বিখ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও তিনটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন।
আর্জেন্টিনার ম্যাচে একটিমাত্র গোলটি এসেছে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে। মেসির নেওয়া কর্নার থেকে জটলার মধ্যে থেকে ডান পায়ের শটে গোল করেন লাউতারো মার্টিনেজ।
২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হার মানে আর্জেন্টিনা। খেলা হয়েছিল আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে। এবারও সেই একই মঞ্চে খেলতে নেমে চিলিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বিশ্ব চ্যাম্পিয়নরা।
সারা ম্যাচে বিপক্ষ গোলবক্স লক্ষ্য করে মোট ২২টি শট মেরেছে আর্জেন্টিনা। তারমধ্যে আটবার সেভ করেছেন প্রবীণ গোলরক্ষক ব্র্যাভো। মেসিদের কোচের দুটি বদলই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। লাউতারো নামেন আলভারেজের পরিবর্তে। ডি’মারিয়াকেও নামানো হয়। সারা ম্যাচে আর্জেন্টিনা বহু গোল মিস করেছে। না হলে তাদের জয়ের জন্য ম্যাচের শেষপর্যন্ত অপেক্ষা করতে হতো না।