
শেষ আপডেট: 18 October 2023 12:37
দ্য ওয়াল ব্যুরো: এলেন, দেখলেন এবং জয় করলেন।
চোটের কারণে খেলার কথাই ছিল না। শেষমেশ লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে খেলে জোড়া গোল পেলেন। শুরু থেকেই মেসি মাঠে ছিলেন। মেসির দুটি গোলেই দল ২-০ গোলে হারাল পেরুকে।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসি ফিরেই দুরন্ত খেললেন। চোটের কারণে ক্লাব ফুটবলে বেশ কয়েকটা ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি। জাতীয় দলের হয়েও ছিলেন অনিয়মিত। আগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। এবার ম্যাচের শুরুতেই কোচ তাঁকে দলে রেখেছিলেন। গত ২০ সেপ্টেম্বরের পর এই প্রথম কোনও ম্যাচের শুরুর একাদশে থাকলেন অধিনায়ক।
৩২ মিনিটে মেসি প্রথম গোল পান। দ্বিতীয় গোলটি করেন ৪২ মিনিটে। মেসির করা প্রথম গোলটি ছিল অসাধারণ। টাগলিয়াফিকোর দেওয়া বলে বা পায়ের দারুণ শটে গোলটি করেন তিনি। বলের গতি দেখেই আগেই পজিশন নিয়েছিলেন মেসি। আগুয়ান বলে দর্শনীয় শটে বলকে জালে জড়িয়ে দেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এ তারকা। হ্যাটট্রিকও করে ফেলেছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়।
এ ম্যাচের জোড়া গোলের ফলে বাছাই পর্বে মেসির গোল সংখ্যা দাঁড়ালো তিনে। বর্তমান যুগ্মভাবে শীর্ষে তিনি ও উরুগুয়ের নিকোলাস ডি লা ক্রুজ। জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়ালো ১০৬, ১৭৭ ম্যাচে এ গোল করেছেন।
এ ছাড়া এ ম্যাচের জোড়া গোল নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোল সংখ্যা ৩১টি।
জয়ের ফলে টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোল না খাওয়ার রেকর্ড আরও দীর্ঘ করার সুযোগ পেলেন। বিশ্বকাপের বাছাই পর্বে এখনও তিনি কোনও গোল হজম করেননি।
এ জয়ের ফলে বাছাই পর্বে চার ম্যাচের চারটিতেই জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। একমাত্র অপরাজিত দল তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে মেসিরা।