দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আশার আলোর দেখা মিলছে। আইএসএল খেলার পথে খানিকটা এগোলো লাল হলুদ শিবির। কারণ ইনভেস্টর শ্রী সিমেন্টের পক্ষ থেকে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য আবেদন করা হয়েছে ফেডারেশনের কাছে।
মঙ্গলবার রাতে দিল্লি থেকে এআইএফএফ-র এক শীর্ষ কর্তা জানালেন, আমাদের কাছে শ্রী সিমেন্টের পক্ষ থেকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করা হয়েছে। তবে আমরা প্রাথমিক আবেদন পেয়েছি, সব কাগজপত্তর জমা দিতে হবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে।
ফেডারেশনের তরফে কিছুদিন আগেই ক্লাব লাইসেন্সিংয়ের জন্য চিঠি এসেছিল। তারপরেই লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করে দিল এসসি ইস্টবেঙ্গল। ইনভেস্টরদের পক্ষেও জানানো হয়েছে তারা মাঠে নেমে ফুটবল খেলতে চায়, সেই কারণেই লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করল। কারণ এর মেয়াদ শেষ হয়ে গেলে পরে আর সুযোগ পাওয়া যাবে না। মাঝ থেকে এই বছরটা নষ্ট হবে, তাই বিনিয়োগকারী সংস্থার আধিকারিকরা আর ফেলে রাখতে চাইছে না।
গত মরশুমে লাইসেন্সিং শর্ত পূরণ করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। তারপরে ফেডারেশনের তরফে রেহাই দিয়ে আইএসএলে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়। এই মরশুমে ২৩ জুলাই ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ ও দ্বিতীয় ডিভিশনের সব ক্লাবগুলিকে লাইসেন্সিং সংক্রান্ত চিঠি পাঠানো হয়। তারপরেই কোমর বেঁধে নামে বিনিয়োগকারী সংস্থা।
বিনিয়োগকারী সংস্থার তরফে জানানো হয়েছে, “মাঠে নামার রাস্তা তৈরি করে রাখা হল। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা মিটলেও লাইসেন্সিং না থাকলে মাঠেই নামতে পারতাম না আমরা। সেই কারণেই এই জটিলতা মিটিয়ে ফেলা হল।’’
এও বলা হচ্ছে, ইস্টবেঙ্গলের ৫৭ জন প্রাক্তন ফুটবলারের কাতর আবেদনে সাড়া দিয়েই ইনভেস্টররা একটু হলেও সুর নরম করেছে। কারণ লাল হলুদের প্রাক্তনদের বক্তব্য ছিল, ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাব যেন আইএসএলে খেলার সুযোগ না হারায়।