
শেষ আপডেট: 9 January 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার আবারও বিস্ফোরক। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতের সব ক্রিকেটারই কমবেশি মদ্যপান করে থাকেন। শুধু তাই নয়, দেশের নামী প্রাক্তন পেসার এও জানান যে, সারা বিশ্বে বল বিকৃতি সাধারণ একটা ব্যাপার। ভারতেরও অনেক ক্রিকেটার এমন বল বিকৃতি করে থাকেন।
ওই সাক্ষাৎকারের একটা অংশে প্রবীণ আরও বলেছেন, আমার ক্রিকেট কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন ললিত মোদী। যিনি আইপিএল শুরুর বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
প্রবীন সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমি আইপিএলে খেলতে চেয়েছিলাম দিল্লির হয়ে। কিন্তু আমাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে বাধ্য করা হয়েছিল। আমাকে ললিত মোদী ফোন করে বলেছিলেন, প্রবীণ তুমি বেঙ্গালুরুর হয়ে খেলতে বাধ্য। এর অন্যথা হলে আমি তোমার কেরিয়ার শেষ করে দেব। আমি দিল্লিতেই খেলতে চেয়েছিলাম, কারণ আমার বাড়ি মিরাটে, যাতায়াতের সুবিধে হতো। আমি সেইভাবে ভাল ইংরাজি বলতে পারতাম না। আরসিবি দলে বিদেশি বেশি ছিল, কোচও ছিলেন বিদেশি। তাতে আমার সমস্যা হতো কথা বলতে।
প্রবীণ কুমার আইপিএলে অবশ্য দিল্লির হয়ে খেলেননি। বরং খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত। প্রবীণ তারপরে খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব (২০১১-২০১৩), মুম্বই ইন্ডিয়ান্স (২০১৪), সানরাইজার্স হায়দরাবাদ (২০১৫) ও গুজরাত লায়ন্সের (২০১৬-২০১৭) জার্সি পরে।
প্রবীণ বেশি উত্তেজিত তাঁর নামে মদ খাওয়ার অভিযোগ শুনে। আরে আমি কেন ভারতীয় দলে সেইসময় সবাই মদ খেত। সব দোষ হতো আমার, সবাই বলত, পিকে (প্রবীণ কুমার) মদ খায়। কিন্তু যে সিনিয়ররা এসব খেত, তাঁরাই আমাকে বারবার বলত, ভাই মদ খাস না, এগুলো ভাল নয়। তারপর সেই ভুলটা তাঁরাই করত রাতের দিকে।