
কিলিয়ান এমবাপে রিয়ালে সই করলেন।
শেষ আপডেট: 4 June 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: যা হওয়ার ছিল, সেটাই হল। অবশেষে কিলিয়ান এমবাপে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। বহুদিনের জল্পনা শেষে ফরাসি তারকা স্প্যানিশ জায়ান্টেই পাঁচ বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ হলেন।
এমবাপে পিএসজি ছাড়বেন, জানাই ছিল। কিন্তু তিনি নিজে থেকে কিছু ঘোষণা করেননি। সেই নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছিল। কিলিয়ান রিয়াল নয়, এসি মিলানেও যেতে পারেন, এমন কথাও শোনা গিয়েছিল।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, এমবাপেকে তারা নিচ্ছে পাঁচ বছরের চুক্তিতে। ১৮০ মিলিয়ন ইউরোতে যোগ দিচ্ছেন এমবাপে, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৩৫ কোটি ৪২ লক্ষ ও ৬০ হাজার টাকা।
তবে ক্লাবটির হয়ে আপাতত পছন্দের জার্সি পাচ্ছেন না এমবাপে। তাঁকে রিয়ালে পরতে হবে ‘৯ নম্বর’ জার্সি। ক্লাব পর্যায়ে এতদিন ‘৭ নম্বর’ ও আন্তর্জাতিক পর্যায়ে ‘১০ নম্বর’ জার্সি পরেছেন এমবাপে। এই দুটির কোনওটিই আপাতত খালি নেই।
রিয়ালে সাত নম্বর জার্সি পরেন ভিনিসিয়াস জুনিয়র, ১০ নম্বর জার্সি বরাদ্দ লুকা মদরিচের জন্য। ভিনিসিয়াসের সামনে দীর্ঘ কেরিয়ারের হাতছানি। মদরিচ এক মরশুমের জন্য চুক্তি বাড়িয়েছেন, তাই এমবাপেকে একবছরের জন্য নয় নম্বর জার্সি পরতে হবে।
ফ্রান্সের সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান অবশ্য জানিয়েছে, তাঁর এই জার্সি নম্বর সাময়িক সময়ের জন্য। রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সিটাই পরতে চান এমবাপে। মদরিচকে বিশেষ সম্মান দিতে চায় রিয়াল। তাই এমবাপে দশ নম্বর জার্সি চাইলেও তিনি পাবেন কিনা ঘোর অনিশ্চিত।