
শেষ আপডেট: 19 June 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: গত অস্ট্রিয়া ম্যাচে গোল করার চেষ্টার সময় কিলিয়ান এমবাপের নাকে গুরুতর চোট লাগে। তাঁকে সেইসময় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দেখা যায়, নাক দিয়ে অঝোরে রক্ত ঝরছে ফরাসি অধিনায়কের। প্রাথমিক চিকিৎসার পরে এমবাপে ফের মাঠে নামেন।
রেফারিকে না জানিয়ে মাঠে নামার জন্য ফরাসি গোলমেশিনকে হলুদ কার্ডও দেখতে হয়। শেষমেশ অবশ্য পুরো ম্যাচ খেলতে পারেননি এমবাপে, তাঁকে তুলে নেন কোচ দিদিয়ের দেঁশা।
ফরাসি ফুটবল সংস্থার তরফ থেকে ম্যাচ শেষে বিবৃতি দিয়ে জানানো হয়, এমবাপের নাকে অস্ত্রোপচার প্রয়োজন। কারণ তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে। কিন্তু হাসপাতালে গিয়ে পরীক্ষা করে দেখা হয় এইসময় অস্ত্রোপচার না করলেও চলবে এমবাপের। যদিও মাঠে নামতে হবে তাঁকে বিশেষভাবে তৈরি মাস্ক পরে। ওই প্রোটিকটিভ মাস্ক তাঁকে ম্যাচে সুরক্ষা দেবে।
ফরাসি সুপারস্টার নিজে চাইছেন পরের ম্যাচ থেকেই মাঠে নামতে। কোচ অবশ্য ঝুঁকি নিতে নারাজ, তিনি বরং পোল্যান্ড ম্যাচ থেকে এমবাপেকে খেলাতে চাইছেন। ইউরো কাপের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। বিশ্বকাপের রানার্সরা আত্মঘাতী গোলে শেষ হাসি হেসেছে।
ফ্রান্স ফুটবল সংস্থা থেকে বলা হয়েছে, এমবাপেকে শুক্রবার নেদারল্যান্ডস ম্যাচে নাও খেলানো হতে পারে। কারণ তিনি দলের নামী তারকা। পুরো টুর্নামেন্ট পড়ে রয়েছে, তাই পরের পোল্যান্ড ম্যাচে খেলানো হতে পারে তাঁকে। এমবাপে অবশ্য কোনও ম্যাচেই বিশ্রামে থাকতে চাইছেন না। তিনি জাতীয় দলের জার্সিতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।