
শেষ আপডেট: 21 January 2024 21:16
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট খেলার মাঠেও অযোধ্যার ছোঁয়া লেগে গেল। সোমবার রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রবিবার সেঞ্চুরি করে রামকে সেই সাফল্য উৎসর্গ করলেন কে এস ভরত। যিনি সম্প্রতি ভারতীয় দলেও স্থান করে নিয়েছেন।
ভারতীয় এ দলের হয়ে খেলতে নেমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন ভরত। তাঁর এই অভিনব উচ্ছ্বাসের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, সেঞ্চুরি করে এসে তির ধনুক মারার ঢঙে ভরত ব্যাটকে এমনটা করেছেন। এমনকী জয় শ্রীরাম ধ্বনিও দেন।
৪৯০ রানের পাহাড় তাড়া করতে গিয়ে কার্যত হারের মুখেই দাঁড়িয়েছিল ভারত এ। কঠিন সময়ে ব্যাট করতে নেমে দুরন্ত ইনিংস আসে ভরতের ব্যাট থেকে। ১৬৫ বলে ১১৬ রান করেন তিনি। কোনওমতে ম্যাচ ড্র করে ভারত এ।
KS Bharat did Bow and Arrow celebration and dedicated his 100 to Shri Ram????
— BALA (@rightarmleftist) January 21, 2024
pic.twitter.com/2LfniZPj6h
ম্যাচ বাঁচানোর পরেই রামের মতো তিরধনুক ছোড়ার ভঙ্গি করে উৎসব শুরু করেন। বাকিরাও অবাক হয়ে তাঁকে দেখতে থাকেন।
নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার। তিনি লেখেন ক্যাপশনে, এই ইনিংস মনে রাখার মতো। জয় শ্রীরাম।