
ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 8 February 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ শেষের দিকে এগিয়ে আসছে ২০২৫ কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বছর বইমেলার আসরে প্রথমবার IFA-র (২৭৬) স্টল দেওয়া হয়েছে। যত দিন এগোচ্ছে, ততই যেন বর্ণময় হয়ে উঠছে এই স্টলটি। প্রতিদিনই বাংলা ক্রীড়াক্ষেত্রের একাধিক তারকা এই স্টলে পা রাখছেন। বৃহস্পতিবারও (৭ ফেব্রুয়ারি) সেই ছবিটাই দেখতে পাওয়া গেল।
কে ছিলেন না এই চাঁদের হাটে? রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভা মেয়র পরিষদ দেবাশিস কুমার, সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন আসোসিয়েশনের সভাপতি শেখর বিশ্বাস। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং চেয়ারম্যান সুব্রত দত্ত তাঁদের সম্মান জানান।
উপস্থিত ছিলেন ভারতীয় দাবার কিংবদন্তি গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ছিলেন জাগলার বিপাশা বৈষ্ণব, আশিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস ডি সিলভা।
পাশাপাশি হাজির ছিলেন অতীতের ফুটবল নক্ষত্র গৌতম সরকার, মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, ইস্টবেঙ্গলের ফুটবলার শৌভিক চক্রবর্তী। তবে সবথেকে বেশি নজর কাড়লেন ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। IFA-র স্টলে বসে প্রাঞ্জল বাংলার ফুটবল সমর্থকদের একাধিক প্রশ্নের জবাব দিলেন।
সম্প্রতি কলকাতা ডার্বি ম্যাচে আপুইয়ার হ্যান্ডবল নিয়ে একাধিক প্রশ্ন রেফারির বিরুদ্ধে উঠতে শুরু করেছিল। সেই প্রশ্নেরও জবাব দিলেন প্রাঞ্জল।
বাংলার এই রেফারি বললেন, 'ওটা রেফারির সঠিক সিদ্ধান্তই ছিল। একেবারেই পেনাল্টি ছিল না। অনেকেই হয়ত বলবেন যে বলটা গোলমুখী ছিল। এটা তো হাত দিয়ে আটকাল। কেন পেনাল্টির ডিসিশন দেওয়া হল না। ফলে এটা মেনে নেওয়া খুব কঠিন একটা বিষয়। তবে রেফারিদের ক্ষেত্রেও কিছু নিয়মাবলী বেঁধে দেওয়া থাকে। সেখানে বলা হয়েছে, যদি বলটা মারার মুহূর্তে হাতটা ইচ্ছাকৃতভাবে না বাড়ানো হয়, তাহলে সেটা পেনাল্টি দেওয়া যায় না। আর আপুইয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল, বলটা ওর হাতে এসে লেগেছিল। ও বলে হাত ঠেকায়নি। এটা একেবারেই অনিচ্ছাকৃত ছিল। ওটা পেনাল্টি তো ছিলই না। এমনকী, হ্যান্ডবলও দেওয়া যায় না।'