
শেষ আপডেট: 9 July 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: মরশুমের প্রথম ফুটবল ডার্বি হতে চলেছে শনিবার। হাইভোল্টেজ ম্যাচটি হবে যুবভারতীতেই সোয়া তিনটে থেকে। এমনিতে দুই প্রধানই তাদের রিজার্ভ দল খেলাচ্ছে লিগে। আইএসএল এবং বাকি টুর্নামেন্টের লক্ষ্যে রিজার্ভ দল তৈরি করে নিতে বদ্ধপরিকর কোচেরা।
রাজ্য সরকারও অনুমতি দিয়েছে ম্যাচটি যুবভারতীতে করার। টিকিট নিয়ে তেমন আগ্রহ না থাকলেও আইএফএ সচিব অনির্বাণ দত্ত মনে করছেন, মাঠে ৫০ হাজার দর্শক হবেই। কারণ মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ রয়েছে।
কলকাতা ডার্বির টিকিটের দামও ঠিক করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য ১০০ এবং ১৫০ টাকার টিকিট। ভিআইপি দর্শকদের জন্য ৫০০ ও ১২০০ হাজার টাকার টিকিটের দাম করা হয়েছে। ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। প্রথম দু’দিন অললাইনে টিকিট দেওয়া হবে। তারপর দুই প্রধানের ক্লাব থেকে সদস্য-সমর্থকদের টিকিট দেওয়া হবে। প্রতিটি সদস্য নিজেদের কার্ড দেখিয়ে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন।
১৩ জুলাই কলকাতা লিগের ডার্বির একমাস পরেই আবার ডুরান্ড কাপের বড় ম্যাচ হবে। সেই ম্যাচের দিন ঠিক হয়েছে ১৮ অগস্ট। ২৭ জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হবে। ওই টুর্নামেন্টের মধ্যেই ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবে। বিপক্ষ দল তুর্কমেনিস্তানের ক্লাব।