
শেষ আপডেট: 5 March 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ১০ মার্চ যুবভারতীতে আইএসএলের বড় ম্যাচের সময় ফের বদল হল। সোমবার রাতে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, খেলা হবে রাত ন’টা থেকে। কিন্তু মঙ্গলবার দুপুরে আবারও একপ্রস্থ আলোচনার পরে জানা যায়, ডার্বি ম্যাচ শুরু হবে রাত সোয়া আটটার সময়। এর আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।
ইস্টবেঙ্গল কর্তারা আগেই রাত ন’টায় খেলা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন। কারণ রাত এগারোটায় খেলা শেষে কী করে সমর্থকরা বাড়ি ফিরবেন, সেই নিয়ে সমস্যা রয়েছে। একমাত্র হাওড়া কিংবা শিয়ালদহ থেকে লাস্ট ট্রেনের পরে বিশেষ ট্রেন ছাড়া হলে সমস্যার সমাধান হতে পারে। এমনকী স্পেশাল সরকারি বাসও দিতে হবে।
এদিন আলোচনার শুরুতেই সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে আপত্তি জানানো হয়। রাত ন’টায় খেলা শুরু হলে আধঘণ্টা খেলা দেখানো যাবে না, এই কথা বলার পরেই পুলিশের টনক নড়ে। তারা সেইসময় আধঘণ্টা খেলা এগিয়ে নিয়ে আসে। তাতে যদিও সমস্যার খুব একটা সমাধান হবে না দুই দলের সমর্থকদের।
আইএসএলের আয়োজক এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট অথোরিটি) কর্তৃপক্ষ ম্যাচ সরিয়ে দিতে চেয়েছিল জামশেদপুরে। কিন্তু সেই নিয়ে ইস্টবেঙ্গল কর্তারা জোরালো আপত্তি তোলেন। তারপর বিধাননগর পুলিশ কমিশনারেট মধ্যাস্থতা করে খেলা ৮-১৫ করে দেয়। সেদিন যেহেতু তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে, সেই কারণেই পুলিশ পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। তৃণমূলের সমাবেশ শুরু হবে বেলা একটায়।