
শেষ আপডেট: 17 December 2023 12:04
দ্য ওয়াল ব্যুরো: ভারতের টি২০ দলে এখন তিনি অন্যতম ফিনিশার। অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা-- টি২০ ম্যাচে তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এবার কি একদিনের ক্রিকেটেও দেখা যাবে রিঙ্কু সিংকে? রবিবার দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওডিআই ম্যাচেই কি রিঙ্কুর অভিষেক হবে, সেই প্রশ্নেরই উত্তর দিলেন কেএল রাহুল।
বিশ্বকাপ ফাইনালে হারের পর এটাই ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ। রবিবার জোহানেসবার্গে মুখোমুখি হচ্ছে দুই দল। ওয়ানডে-তে ভারতের স্কোয়াডে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মূলত তরুণ ব্রিগেডই খেলবে এই সিরিজ। কেএল রাহুলের নেতৃত্বে রবিবার মাঠে নামছে ভারত। কারা থাকবেন প্রথম একাদশে সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রিঙ্কুকে নিয়ে মুখ খুলেছেন রাহুল। তিনি বলেন, 'আমার মনে হয় ওর (রিঙ্কু সিং) অভিষেক হবে। নিজেকে প্রমাণ করেছে ও। মাঠে দেখিয়েছে ও কত বড় প্লেয়ার। আমরা সবাই ওকে আইপিএলে দেখেছি। টি-২০ সিরিজে ও নিজের দক্ষতা দেখিয়েছে। ঘরোয়া ক্রিকেটে রিঙ্কুর পারফরম্যান্স দেখেই একদিনের ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে ওকে। চাপের মুখেও ম্যাচ বের করার ক্ষমতা আছে ওর।'
শুধু রিঙ্কু নয়, একদিনের ক্রিকেটের অভিষেক ঘটতে পারে আরও এক তরুণ ক্রিকেটারের। এই সিরিজে রোহিত শর্মা, ঈশান কিশান, শুভমন গিল না থাকায় ওপেনিং জুটি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে ভারতীয় শিবিরে। সূত্রের খবর, ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে সাই সুদর্শনকে ওপেন করতে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।