
শেষ আপডেট: 2 April 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশামতই ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটির দিনবদল হল। ম্যাচটি হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল বুধবার। কিন্তু সেদিন রামনবমী থাকায় ম্যাচটি একদিন আগে ১৬ এপ্রিল করা হয়েছে। বিসিসিআই সূত্রে এ খবর জানিয়ে দেওয়া হয়েছে।
মূলত দুটি কারণে ইডেনে ম্যাচের দিনবদল ঘটেছে। প্রথমত, রামনবমী। সেদিন ধর্মতলা অঞ্চল জুড়ে রামনবমীর মিছিল হয়ে থাকে। দ্বিতীয়ত, সেদিনই লোকসভা ভোটের প্রথম পর্যায়ের ভোট রয়েছে। কলকাতার পুলিশ অফিসাররা সকলেই জেলায় ভোটের স্পেশাল ডিউটিতে যাবেন। তাই সেদিন পুলিশ পাওয়া যাবে না।
১৬ এপ্রিল আইপিএলে ম্যাচ ছিল আমদাবাদে গুজরাত টাইটানস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ওই ম্যাচটি ১৭ এপ্রিল হবে। চারটি দলের সূচির বদল ঘটেছে। ম্যাচ সরানোর আগে দেখে নেওয়া হয়েছে বাকি দলের ক্ষেত্রে এক শহর থেকে অন্য শহরে যেতে সমস্যা হবে কিনা।
এমনিতেই এপ্রিলে ইডেনে টানা পাঁচটি কেকেআরের ম্যাচ রয়েছে। ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ১৬ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে খেলে আবার ২১ এপ্রিল কেকেআর মুখোমুখি হবে বিরাট কোহলিদের বিরুদ্ধে। তারপরেও ঘরের মাঠে শাহরুখ খানের দল খেলবে পাঞ্জাব কিংস (২৬ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, ওই ম্যাচ রয়েছে ২৯ এপ্রিল।
এর আগে কালীপুজোর দিন ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছিল। সেবারও পুলিশ পাওয়া নিয়ে সমস্যা হয়।