
কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ
শেষ আপডেট: 3 April 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) আজ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (SRH)। গত মরসুমে একাধিকবার লড়াই হয়েছে দুই দলের মধ্যে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফাইনাল ম্যাচ, যেখানে SRH-কে হারিয়েই ট্রফি জিতেছিল কেকেআর। তবে এবারের চিত্র একটু ভিন্ন। দু’দলই এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে, কিন্তু জয় মাত্র একটিতে। তাই এই ম্যাচ দু’দলের জন্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ।
দুই দলের পারফরম্যান্স
সানরাইজার্স হায়দরাবাদ দারুণভাবে এবারের অভিযান শুরু করলেও পরবর্তী দুটি ম্যাচে হার তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্ট শুরু করেছিল পরাজয়ের মাধ্যমে। তবে রাজস্থানের বিরুদ্ধে জয় তুলে নিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল তারা। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং বিভাগ পুরোপুরি ভেঙে পড়েছিল। কেকেআরের মেন্টর ডোয়েন ব্রাভো দলের ব্যাটারদের বার্তা দিয়েছেন— বেসিক ক্রিকেট খেলতে হবে, আগ্রাসনের চেয়ে সঠিক শট নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। মুম্বইয়ের কাছে পরাজয়ের চাইতে বেশি চিন্তার কারণ ছিল কেকেআর ব্যাটারদের শট সিলেকশন, যা কার্যত আত্মসমর্পণের সমান ছিল।
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ পরপর দুটি ম্যাচে হারলেও তাদের খেলার ধরন পাল্টাবে না, এমনটাই স্পষ্ট করেছে দল। আগ্রাসী মাইন্ডসেট নিয়েই মাঠে নামবে তারা। তবে কেকেআরের বোলারদের জন্য এই ম্যাচে বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ SRH ব্যাটাররা এখনো পর্যন্ত আগ্রাসী ব্যাটিং স্টাইল বজায় রেখেছে।
সবার নজর মহম্মদ সামির দিকে
এই ম্যাচে বিশেষ নজর থাকবে মহম্মদ সামির ওপর। বাংলার এই তারকা পেসার চোটের কারণে গত মৌসুমের আইপিএলে খেলতে পারেননি এবং গুজরাট টাইটান্সও তাকে রিটেন করেনি। তবে এবার সানরাইজার্স হায়দরাবাদ দলে সুযোগ পেয়েছেন। যদিও এখন পর্যন্ত তার পারফরম্যান্স সেভাবে নজর কাড়তে পারেনি, কিন্তু চেনা ইডেনের উইকেটে তিনি প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। এই ম্যাচে SRH-এর অন্যতম তুরুপের তাস হয়ে উঠতে পারেন সামি।
সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স:
সুনীল নারিন, কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
সানরাইজার্স হায়দরাবাদ:
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর, প্যাট কামিন্স, উইয়ান মুল্ডার/অ্যাডাম জাম্পা, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি/সিমরজিৎ সিং।
এই ম্যাচ শুধুমাত্র পয়েন্ট টেবিলে ওপরে ওঠার জন্য নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই। কলকাতা তাদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে চাইবে, আর সানরাইজার্স আগ্রাসী ক্রিকেট চালিয়ে যেতে মরিয়া থাকবে। ইডেন গার্ডেন্সের পিচ কাদের পক্ষে যায়, সেটাই এখন দেখার বিষয়!