
কেকেআর বনাম রাজস্থান
শেষ আপডেট: 26 March 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল শুরুটা মোটেই সুখকর হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে কার্যত হেরে বসেছে কেকেআর। শুধু কলকাতা নয়, একইভাবে হতাশাজনক শুরু করেছে রাজস্থান রয়্যালসও (RR)।
রিয়ান পরাগের নেতৃত্বে রাজস্থান মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে, তবে ঈশান কিষানের দুরন্ত শতরান তাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। এবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে কলকাতা এবং রাজস্থান। চলতি আইপিএলের ষষ্ঠ ম্যাচে কোন দল প্রথম জয়ের স্বাদ পায়, সেটাই এখন দেখার বিষয়।
গুয়াহাটির এই মাঠ বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত। এখানে সাধারণত রানের বন্যা দেখা যায়, আর তাই ২৬ মার্চের ম্যাচেও চার-ছক্কার ধুন্ধুমার হবে, এমনটা অনুমান করাই যায়। উইকেট যথেষ্ট বাউন্সি, ফলে বল সহজেই ব্যাটে আসে, যা ব্যাটারদের জন্য সুবিধাজনক। তবে বোলারদের জন্য পরিস্থিতি ঠিক উলটো। রান আটকাতে এবং উইকেট তুলতে তাঁদের যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।
এই মাঠে এখনও পর্যন্ত মাত্র তিনটি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে, আর একবার রান তাড়া করে ম্যাচ জিতেছে প্রতিপক্ষ। গড় প্রথম ইনিংস স্কোর ১৮০-এর কাছাকাছি, যেখানে সর্বোচ্চ রান উঠেছে ১৯৯। তাই ম্যাচে বড় স্কোর দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।
কেকেআর বনাম রাজস্থান: পরিসংখ্যান কী বলছে?
এখন পর্যন্ত আইপিএলে ২৯ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এর মধ্যে ১৪টি ম্যাচে জয় পেয়েছে কেকেআর, বাকিগুলো রাজস্থানের দখলে। দুই দলের স্কোয়াডেই রয়েছে বিধ্বংসী ব্যাটসম্যান, তাই সমর্থকরা উপভোগ্য ম্যাচের প্রত্যাশায় রয়েছেন। এবার দেখার, বর্ষাপাড়ার উইকেটে ছক্কার উৎসব হয়, নাকি বোলাররা নিজেদের অস্তিত্ব জানান দেয়!