
শেষ আপডেট: 25 March 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে জয়টাই মানসিকভাবে অনেকটা উদীপ্ত করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের। ঘরের মাঠে হায়দরাবাদকে হারানোর পরেই দোল উৎসবে শামিল হয়েছেন দলের তারকারা। অনেক সদস্যই বাড়ি চলে গিয়েছেন। আবার অনেকেই কলকাতায় টিম হোটেলে থেকে গিয়েছেন।
সোমবার বসন্তোৎসবের দিন ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে মেন্টর গৌতম গম্ভীর কিংবা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সকলেই দোল খেলার আনন্দে মেতেছেন। কেউ কেউ এত রং মেখেছেন, তাঁদের চেনাই দায় হয়ে গিয়েছে।
বাইপাসের ধারে টিম হোটেলে সুইমিং পুলের সামনে নাইট শিবিরে সব ধরনের রং ছিল। এমনকী পিচকারি দিয়েও সতীর্থদের রং দিয়েছেন রিঙ্কু, গুরবাজরা। ইডেনে গত ম্যাচে শেষ ওভারের নায়ক পেসার হর্ষিত রাণাকে এত রং মাখিয়েছেন শ্রেয়সরা, তাঁকে চিনতেও পারেননি হোটেল কর্মীরাই। তারপর সবাই মিষ্টিমুখ করেছেন। সকলে খেয়েছেন কলকাতার রসগোল্লা ও পান্তুয়া।
আগামী শুক্রবার কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে বেঙ্গালুরুতে। সোমবারই রাতের বিমানে নাইটদের গার্ডেনসিটি রওনা দেওয়ার কথা রয়েছে। তার আগে রঙের উৎসবে শামিল হয়ে প্রাণভরে আনন্দ করে নিলেন নাইট যোদ্ধারা।