
কেভিন দি ব্রুইন
শেষ আপডেট: 11 April 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১৪। একটি সাক্ষাৎকারে টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভাকে জিজ্ঞেস করা হয়েছিল: ‘শচিন তেন্ডুলকরকে চেনেন?’ মা ঝাঁকিয়ে তিনি জবাব দেন: ‘না। চিনি না। নামও শুনিনি।’
ব্যাস! এটুকুই যথেষ্ট। স্রেফ একটি ‘না'-তেই সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। তেলেবেগুনে জ্বলে ওঠেন দেশের ক্রিকেটভক্তদের বড় অংশ। শচিনের নাম-পরিচয় না জানাটা মস্ত বড় অপরাধ বলে সেদিন নিদান দেন তাঁরা।
এগারো বছর পর প্রায় একই বিতর্কের পুনরাবৃত্তি। যার কেন্দ্রে এবার কোনও টেনিস তারকা নন, রয়েছেন এক ফুটবলার। কেভিন দি ব্রুইন। ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার। বেলজিয়ামের জাতীয় দলের অধিনায়কও তিনি।
সম্প্রতি ম্যান সিটির তরফে একটি কুইজ শো সম্প্রচারিত হয়। যেখানে হাজির ছিলেন দি ব্রুইন ও তাঁর সতীর্থ জেমস ম্যাকাটি। ‘এআই শোডাউন’ নামের ওই অনুষ্ঠানে দুজনের সামনে পরপর একগুচ্ছ প্রশ্ন রাখা হয়েছিল। তার মধ্যে একটি ছিল: ‘ইউরোপের সেরা পাঁচটি জনপ্রিয় খেলার নাম বলুন!’ এই লিস্টিতে ক্রিকেট দু’নম্বরে রয়েছে জানার পর চমকে ওঠেন দি ব্রুইন৷ বলেন, ‘ক্রিকেট কী করে তালিকায় দুইয়ে থাকে? এটা মিথ্যে।’ তারপর জুড়ে দেন, ‘সত্যি বলতে আমি জানি না ইউরোপের কারা ক্রিকেট দেখে!’
Kevin De Bruyne about cricket:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 11, 2025
"Nobody in Europe watches it".pic.twitter.com/U1Zmux2ZeG
এরপর প্রত্যাশিতভাবেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের দাবানল জ্বলে ওঠে! ভারতের ক্রিকেটমোদীরা একহাত নেন দি ব্রুইনকে৷ ভেসে আসে তির্যক মন্তব্য, ছড়ানো হয় চটুল মিম। একজন বলেন, ‘একজন বিশ্বমানের খেলোয়াড়ের থেকে এটা প্রত্যাশিত নয়। একজন ক্রীড়াবিদ কখনওই আরেকটি খেলাকে হেয় করতে পারেন না।’
প্রসঙ্গত, চলতি বিতর্কে যোগ দিয়েছে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবট ‘গ্রক’-ও। একজন ব্যবহারকারী তাঁকে ফুটবলারের মন্তব্য উদ্ধৃত করে জিজ্ঞেস করেন: ‘দি ব্রুইনের স্যালারির সঙ্গে কোহলি ও আরসিবির আয় তুলনা করুন!’ এর উত্তরে গ্রক জানায়: ‘দি ব্রুইনের বাৎসরিক উপার্জন ২ হাজার কোটি টাকারও উপরে। যেখানে কোহলির আয় ২১ কোটি টাকা। আর গোটা আরসিবি দলের মোট বেতন মোটামুটি ৮৭ কোটি টাকা।’
অর্থকে অস্ত্র করে দি ব্রুইনকে বিঁধতে চেয়েছিলেন ওই ক্রিকেটভক্ত। পাল্টা তীর খেয়ে মুখ কুলুপ আঁটেন তিনি।