
কাব্যা মারান
শেষ আপডেট: 29 March 2025 20:58
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ শুধু ক্রিকেটাররাই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন কিছু বিশেষ ব্যক্তিত্বও। তাঁদেরই একজন কাব্যা মারান। তিনি সানরাইজার্স হায়দরাবাদের (SRH) সিইও এবং মালিকানার অংশীদার। তবে আইপিএলের বাইরেও তাঁর পরিচয় আরও বিস্তৃত। কাব্যা শুধু ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্বই সামলান না, বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারীও। চলুন, তাঁর জীবনযাত্রা, শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির পরিমাণ সম্পর্কে বিশদে জানা যাক।
১৯৯২ সালের ৬ আগস্ট চেন্নাইয়ে জন্ম কাব্যা মারানের। তাঁর পরিবার ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলোর একটি। তাঁর বাবা কলানিধি মারান হলেন সান গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, যার অধীনে রয়েছে দেশের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম সান টিভি। ফোর্বসের তথ্য অনুযায়ী, কলানিধি মারানের মোট সম্পত্তির পরিমাণ ২.৩ বিলিয়ন ডলার।
কাব্যার মা কাবেরী মারানও কম শক্তিশালী নন। তিনি সান টিভি নেটওয়ার্কের CEO। শুধু ব্যবসাই নয়, মারান পরিবারের সঙ্গে রাজনীতির যোগসূত্রও দৃঢ়। কাব্যার কাকা দয়ানিধি মারান ডিএমকে (DMK) পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা।
কাব্যা চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি ব্রিটেনের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। ছোট থেকেই পারিবারিক ব্যবসার মধ্যে বড় হওয়ায় তিনি ব্যবসায়িক কৌশল রপ্ত করেছেন সহজেই।
২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দল পরিচালনার অন্যতম প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। নিলামের কৌশল ঠিক করা থেকে শুরু করে দলের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁর সক্রিয় ভূমিকা থাকে। গতবার আইপিএলে SRH রানার্স-আপ হয়েছিল, এবারও দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, কাব্যা মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০৯ কোটি টাকা, আর তাঁর পরিবার মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ১৯,০০০ কোটি টাকা। তবে সানরাইজার্স হায়দরাবাদের ঠিক কতখানি মালিকানা কাব্যার হাতে রয়েছে, তা স্পষ্ট নয়। তবে এটা নিশ্চিত যে, SRH-এর মূল মালিকানা সান টিভি নেটওয়ার্কের হাতেই রয়েছে। ২০১২ সালে ডেকান চার্জার্স থেকে SRH-এর মালিকানা চলে আসে সান গোষ্ঠীর হাতে। তখন থেকেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নির্ধারণে কাব্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।