
শেষ আপডেট: 22 November 2023 19:32
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ক্রিকেট জ্বর শেষ হতে আবারও কলকাতা ময়দানে ফিরল ফুটবলের চেনা সুবাস। সবুজ ঘাসে ফুটবলারদের দাপাদাপি।
বুধবার ইস্টবেঙ্গল মাঠে সাড়ম্বরে শুরু হল কন্যাশ্রী কাপের। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব রাজেশ সিনহা, বিশেষ সচিব গৌতম সান্যাল।
এমনকী মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে দেখা গিয়েছে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বান দত্ত, লাল হলুদ ক্লাবের দেবব্রত সরকার প্রমুখ।
প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন মানস ভট্টাচার্য, সুমিত মুখোপাধ্যায়রা। এদিন এই অতিথি জমায়েতের মধ্যেই ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল ১১-১ গোলে হারিয়েছে কালীঘাট এসএলএ-কে। গোলগুলি করেছেন, তুলসী হেমব্রম (৩টি), সুলঞ্জনা রাউল (২), সোনালী মন্ডল (২), সার্জিদা খাতুন (২)। একটি করে গোল করেন সুস্মিতা বর্ধন, সন্ধ্যা মাইতি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের ফুটবলাররা মার্চপাস্টে অংশগ্রহণ করেন। আর্মি ব্যান্ড, বর্ণাঢ্য নৃত্য ও মহিলাদের ঢাকের বাদ্যির মধ্যে ফুটবলাররা খেলতে নামেন।