
হাওয়ায় উড়ে ক্যাচ ধরলেন উইলিয়ামসন
শেষ আপডেট: 2 March 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: বয়স অনেকটাই হয়েছে। অনেকেই বলছেন, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নাকি অবসর গ্রহণ করতে পারেন। কিন্তু, বয়সকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক যে ক্যাচ তালুবন্দি করলেন, তা দেখে কেউ নিজের চোখকে কার্যত বিশ্বাস করতে পারছিলেন না। ফিরতে হল টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এই টুর্নামেন্টে অন্যতম সেরা ক্যাচ হিসেবে যে এই ফিল্ডিং ফ্রেমবন্দি হয়ে থাকবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।
৪৬ ওভারের পঞ্চম বলে এই বিস্ময়কর ঘটনার সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। জাদেজাকে বল করেন ম্য়াট হেনরি। অফসাইডের বাইরে বাউন্সার। জাদেজা একটু দেরি করে শটটা খেলেন। বলটা উইলিয়ামসনের বাঁ-দিক থেকে বেরিয়ে যাচ্ছিল। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে ঠিক সেইসময় নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে দেন কেন 'আঙ্কেল'। আর সেইসঙ্গে একটি অসাধারণ ক্যাচ নিলেন তিনি। চলতি টুর্নামেন্টে এই প্রথমবার ব্যাট করতে নেমেছিলেন জাদেজা। কিন্তু, শেষপর্যন্ত তাঁকে ২০ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।
Breathtaking catch by Kane Williamson brings an end to Jadeja’s knock #INDvNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/eqFIl8a8sT
— PTV Sports (@PTVSp0rts) March 2, 2025
এই ম্য়াচে বেশ কয়েকটা নজরকাড়া ফিল্ডিং দেখতে পাওয়া গিয়েছে। ইতিপূর্বে, বিরাট কোহলির চোখধাঁধানো একটি ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন গ্লেন ফিলিপস। সেবারও বোলার ছিলেন ম্য়াট হেনরি। ম্যাচের ৬.৪ ওভারে হেনরির শর্ট বলে শর্ট ওয়াইড ডেলিভারিতে যাবতীয় শক্তি দিয়ে ব্যাট চালিয়েছিলেন কোহলি। বলটায় যে বাউন্ডারি বাঁধা ছিল, তা সকলেই চোখ বন্ধ করে বিশ্বাস করছিলেন।
Another Stunner catch from Glenn phillips in icc to dismiss virat Kohli #ViratKohli #ViratKohli???? #INDvsNZ pic.twitter.com/2lf86dTITC
— Bittu Yadav (@Priteshkryadav5) March 2, 2025
কিন্তু, বিরাট এবং বাউন্ডারির মধ্যে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস। বলটা তাঁর ডানদিক দিয়ে বিদ্যুৎগতিতে বেরিয়ে যাচ্ছিল। গ্লেন ঝাঁপ দিলেন। বাড়িয়ে দিলেন ডান হাতটা। বলটা কার্যত চুম্বকের মতো তাঁর হাতে আটকে গেল। বিরাট কী করবেন, কিছু বুঝতে পারছিলেন না। কার্যত স্থানুর মতো দাঁড়িয়ে ছিলেন তিনি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।
প্রসঙ্গত, এই ম্য়াচে টিম ইন্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৪৯ রান করে। ভারতের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। মাত্র ৩০ রানের মধ্যে দলের তিনজন টপ অর্ডার ব্যাটার (রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি) প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে তিনি ৭৯ রান করলেন। সঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল (৪২)। শেষবেলায় জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। ৪৫ বলে ৪৫ রান করলেন তিনি। কিউয়ি ব্রিগেডের হয়ে একাই ৫ উইকেট শিকার করলেন ম্য়াট হেনরি। এই উইকেটে ভারতীয় বোলাররা কেমন পারফরম্য়ান্স করতে পারেন, সেটাই আপাতত দেখার।