
রেফারির দিকে বিষোদগার জুভেন্টাস কোচের।
শেষ আপডেট: 18 May 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: সাফল্যের মধ্যেও কাঁটা খেলেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি। তিনদিন আগেই আটলান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্টাস। কিন্তু ওই খেতাব জয়ের তিনদিন পরেই কোচ আলেগ্রিকে ছেঁটে ফেলল ক্লাব দলটি।
সিরি ‘এ’ লিগে জুভেন্টাসের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এই দুই ম্যাচ এমনিতেই জুভদের ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। কোপা ইতালিয়া কাপের ফাইনালে অভব্য আচরণের জন্য দুই ম্যাচের জন্য অ্যালেগ্রিকে নিষিদ্ধ করেছে ইতালি ফুটবল ফেডারেশন।
আটলান্টার বিপক্ষে ১-০ গোলে জয়ী ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অ্যালেগ্রি মেজাজ হারিয়ে ফেলেন। রেফারির একটি সিদ্ধান্ত মানতে না পেরে নিজের জ্যাকেট খুলে ফেলেন। রেফারির সঙ্গে জোর গলায় কথা বলতে শুরু করেন। যে কারণে অ্যালেগ্রিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কারও করা হয়।
জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালেগ্রি যে আচরণ দেখিয়েছেন মাঠে, তা অন্যের কাছে ভাল বার্তা নয়। দলের পক্ষেও সেটি নেতিবাচক দিক বহন করে, তাই তাঁকে আর রাখা হচ্ছে না।
বিবৃতিতে জুভেন্টাস আরও লিখেছে, ‘‘কোপা ইতালিয়া ফাইনালের সময় এবং পরে অ্যালেগ্রির কিছু আচরণের কারণেই মূলত আমরা তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর আচরণ আমাদের ক্লাবের মূল্যবোধের সঙ্গে যায় না। তিনি যে আচরণ দেখিয়েছেন, সেটি ক্লাব কখনই সমর্থন করে না। সেটি একান্তই তাঁর ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ।’’
প্রথমে নামী কোচকে আগামী দুটি ম্যাচের জন্য সাসপেন্ড এবং পরে তাঁকে ক্লাব থেকেই সরিয়ে দিয়ে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। সিরি-আ লিগের শৃঙ্খলা কমিটির বিচারক কর্তৃক তাঁকে ৫৪০০ ডলার জরিমানা করা হয়। সিরি এ লিগের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান বলেছেন, আলেগ্রি রেফারির সঙ্গে বিতণ্ডাতেই নয়, পাশাপাশি তাঁকে কুৎসিত অঙ্গভঙ্গিও করেছেন। খেলা শেষে ইতালির মিডিয়ার সঙ্গেও বাজে ব্যবহার করেছে জুভ কোচ। সেই কারণে তাঁকে ফেডারেশন আরও কড়া শাস্তি দিতে পারে।