প্রায় ২০ বছরে এই প্রথম সিনাকে এভাবে আত্মসমর্পণ করতে দেখা গেল। ক্যাপিটাল ওয়ান এরিয়ানায় উপস্থিত দর্শকদের একাংশ বিস্মিত, একাংশ ক্ষুব্ধ।

জন সিনা
শেষ আপডেট: 14 December 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: দুই দশকের বেশি সময় ধরে ডব্লিউডব্লিউই-র (WWE) মুখ। শনিবার রাতে সেই অধ্যায়ের পর্দা নামল (John Cena Last Match)। স্যাটার্ডে নাইট’স মেওন ইভেন্টে (Saturday Night’s Main Event) গান্থারের (Gunther) কাছে সাবমিশনে হেরে রিং ছাড়লেন জন সিনা (John Cena)। কেরিয়ারের শেষ ম্যাচে হার—আর সেই পরাজয় এল ট্যাপ আউট করে! প্রায় ২০ বছরে এই প্রথম সিনাকে এভাবে আত্মসমর্পণ করতে দেখা গেল। ক্যাপিটাল ওয়ান এরিয়ানায় (Capital One Arena) উপস্থিত দর্শকদের একাংশ বিস্মিত, একাংশ ক্ষুব্ধ।
ম্যাচটা শুরু থেকেই ছিল টানটান। প্রথমে রিংয়ে আসেন গান্থার। ‘রিং জেনারেল’-এর জন্য স্বাভাবিকভাবেই গ্যালারি জুড়ে দুয়ো। তার কিছুক্ষণ পরেই সিনার প্রবেশ—আইকনিক থিমে ফেটে পড়ে হাউজ! ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন তাঁর শেষ যুদ্ধে নামতেই গ্যালারির আবেগ ছাপিয়ে যায় যাবতীয় পরিকল্পনা।
রিংয়ের ভেতর শুরু থেকেই দাপট গান্থারের। শারীরিক শক্তি আর রেসলিং আইকিউ—দুটোর মিশেলে সিনাকে চাপে রাখেন তিনি। তবু এল ‘সুপার সিনা’মুহূর্ত। ফাইভ নকল শাফল, এসটিএফ (STF)—একাধিক ট্রেডমার্ক মুভে দর্শক ভাবতে শুরু করে, হয়তো শেষটা অন্যরকম হবে। কিন্তু গান্থার নিয়ন্ত্রণ ফেরান। স্লিপার হোল্ডে প্রায় অচেতন করে দেন সিনাকে।
মাঝপথে নাটকীয় মোড়। স্টিল স্টেপস টেনে এনে বাড়তি সুবিধা নিতে গিয়েছিলেন গান্থার। উল্টো সেই মুভ-ই কাল হয়। সিনা টেবিল ভেঙে এএ (AA) মারেন। মুহূর্তের জন্য মনে হয়েছিল, এখানেই ইতিহাস বদলাবে। কিন্তু গান্থারের দু’কাউন্টে কিক আউট। ফের এগোয় ম্যাচ।
শেষ ভাগে আরও বাড়ে গতি। টপ রোপ এএ (AA)—তাতেও কাজ হয়নি। শেষমেশ আবার স্লিপার। এবার আর রক্ষা নেই। সিনা ট্যাপ আউট করেন। এরিনা স্তব্ধ। তারপর শুরু হয় ইউ স্টিল গট ইট (‘You still got it’) চ্যান্ট। আবেগ ছড়িয়ে পড়ে সর্বত্র।
ম্যাচের পর রিংয়ে নেমে আসে গোটা রোস্টার। কার্ট অ্যাঙ্গল (Kurt Angle), মার্ক হেনরি (Mark Henry), রব ভ্যান ড্যাম (Rob Van Dam), ট্রিশ স্ট্রাটাস (Trish Stratus), মিশেল ম্যাকুল (Michelle McCool)—সবাই উপস্থিত। ভিডিও প্যাকেজে ফিরে দেখা হয় সিনার কেরিয়ার। এরপর সেই প্রতীকী মুহূর্ত—রিংয়ের মাঝখানে নিজের বুট রেখে দেন সিনা। ক্যামেরার দিকে তাকিয়ে স্যালুট। সংক্ষিপ্ত বিদায়বাক্য, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে গর্বিত।’
মেইন ইভেন্ট ছাড়াও রাতটা ছিল ঘটনাবহুল। শুরুতে চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন ম্যাচে কোডি রোডস (Cody Rhodes) মুখোমুখি হন ওবা ফেমি-র (Oba Femi)। ম্যাচের মধ্যেই ড্রু ম্যাকইনটায়ারের (Drew McIntyre) হস্তক্ষেপে ডিকিউ (DQ) পরে ফেমি ও রোডসের হাত মেলানো—সম্মানের বার্তা।
এরপর সোল রুকা (Sol Ruca) বনাম বেইলি (Bayley)। শেষমুহূর্তে রুকার বড় জয়। ট্যাগ টিম ম্যাচে এজে স্টাইলস (AJ Styles) ও ড্রাগন লি (Dragon Lee) হারালেন জে’ভন ইভান্স (Je’von Evans) ও লিওন স্লেটারকে (Leon Slater)। দিস ইস অসাম (‘This is awesome’) চ্যান্টে ভাসল এরিনা।