
জিকশন সিং (ছবি সৌজন্যে: ইস্টবেঙ্গল এফসি)
শেষ আপডেট: 19 July 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: অনেক টানাপড়েন। অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আপুইয়া রালতের ডিল নিয়ে পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টও দিয়েছিল প্রত্যক্ষ খোঁচা। এবার তারই হয়তো পাল্টা জবাব দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কেরালা ব্লাস্টারস থেকে ৪ বছরের চুক্তিতে তাঁরা তুলে নিল জিকশন সিংকে। সূত্রের খবর, এই ডিল করতে গিয়ে রেকর্ড ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল।
আপুইয়ার মতো জিকশন লাল-হলুদে আসবেন কিনা তা নিয়েও ব্যাপক জল্পনা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মোহনবাগানের একাধিক ফ্যান পেজ পোস্ট করে দিয়েছিল যে, জেকশন কেরালাতেই থাকছে। কলকাতায় বা ইস্টবেঙ্গলে সই করার কোনও সম্ভাবনাই নেই। কেউ কেউ তো আবার টাকার ইস্যুতে খোঁচা দিতে ছাড়েননি ইস্টবেঙ্গল শিবিরকে। কিন্তু সব জল্পনার ইতি টেনে দিল ইস্টবেঙ্গলের শুক্রবারের অ্যানাউন্সমেন্ট ভিডিও।
ভারতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হলেন জিকশন। বিশ্বকাপে (অনুর্ধ্ব-১৭) ভারতের একমাত্র গোলস্কোরার তিনিই। তাঁকে কেরালা থেকে তুলে নিয়ে ইস্টবেঙ্গল যে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে সব দলকে তা বলাই বাহুল্য। আর লাল-হলুদে সই করে জিকশনও বলছেন, ''ঐতিহ্যশালী এবং দেশের অন্যতম বড় ক্লাবে সই করে আমি উচ্ছ্বসিত। ফ্যানরা ভালবাসা উজাড় করে দিচ্ছেন। আমিও চাই এই ক্লাবের হয়ে ভাল খেলতে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে।''
বর্তমানে ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে প্রথম সারিতেই আসবেন জিকশন সিং। সূত্রের খবর, তাঁকে পেতে কেরালাকে প্রায় ৩ কোটির ওপর ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল, যা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আপাতত একটি রেকর্ড। এত টাকা ট্রান্সফার ফি দিয়ে এর আগে কোনও ভারতীয় ফুটবলার আইএসএলের কোনও ক্লাবে আসেনি। শুক্রবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ রয়েছে কলকাতা লিগের। সেই খেলার আগেই জিকশনকে সমর্থকদের সামনে আনা হবে।