উঠেও ডুবে গেল জাপানের সূর্য, শেষ আটে বেলজিয়াম
দ্য ওয়াল ব্যুরো: দু'গোলে এগিয়ে থেকেও জয় এল না। সবাই যখন ধরে নিয়েছিল ঠিকানা বদলে রাশিয়ার মাটিতে জাপানের সূর্যোদয় হচ্ছে ঠিক সেই সময়ই জ্বলে উঠল বেলজিয়াম। খেলা শেষ হল ৩-২ গোলে। শেষ আটে পৌঁছে গেল রোমেলো লোকাকুরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক
শেষ আপডেট: 2 July 2018 19:59
দ্য ওয়াল ব্যুরো: দু'গোলে এগিয়ে থেকেও জয় এল না। সবাই যখন ধরে নিয়েছিল ঠিকানা বদলে রাশিয়ার মাটিতে জাপানের সূর্যোদয় হচ্ছে ঠিক সেই সময়ই জ্বলে উঠল বেলজিয়াম। খেলা শেষ হল ৩-২ গোলে। শেষ আটে পৌঁছে গেল রোমেলো লোকাকুরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে তাঁদের।
খেলার আগে বিশেষজ্ঞদের ধারণা ছিল হেসেখেলে ম্যাচ জিতে যাবে বেলজিয়াম। কিন্তু খেলা শুরু হতেই দেখা গেল অন্য ছবি। বেলজিয়ামের আক্রমণের জবাবে জাপানের আক্রমণ। জমাট ডিফেন্স, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে বিপক্ষ বক্সে উঠছিলেন 'ব্লু সামুরাই'রা। অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই।
দ্বিতীয়ার্ধে সবার ধারণার বিপরীতে এগিয়ে যায় জাপান। ৪৮ মিনিটের মাথায় কাউন্টার থেকে কুর্তয়াকে পরাস্ত করে জাপানকে এগিয়ে দেন হারাগুচি। এরপরেই প্রতিআক্রমণ

থেকে হ্যাজার্ডের শট পোস্টে লেগে ফেরে। ৫২ মিনিটের মাথায় ফের জাপানের চমক। বক্সের বাইরে থেকে দুরপাল্লার জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান ইনুয়ি। দুই গোল খেয়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৬৯ মিনিটের মাথায় ভেরটঙ্গনের হেড ঢুকে যায় গোলে। ৭৪ মিনিটের মাথায় হ্যাজার্ডের ক্রসে হেডে গোল দিয়ে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামা ফেলাইনি।
তারপরও দুই দলই ঝাঁপায় জয়ের লক্ষ্যে। অতিরিক্ত সময়ে প্রায় ৪৫ গজ দূর থেকে নেওয়া হন্ডোর ফ্রিকিক দারুন বাঁচান কুর্তয়া। শেষ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে বেলজিয়ামকে জিতিয়ে দেন নাসির চাডলি।
হেরে গেলেও বিশ্বের তিন নম্বর দলের বিরুদ্ধে ৬১ নম্বর দলের লড়াই উপভোগ করল ফুটবল বিশ্ব। বেলজিয়ামের ফুটবলারদের ব্যক্তিগত দক্ষতার কাছে হার মানতে হলো এশিয়ার সূর্যদের।