
শেষ আপডেট: 28 October 2023 17:41
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে গত রাতে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাদের নামে আগে বলা হতো চোকার্স, চাপের মুখে ভেঙে পড়ে তারা। কিন্তু পাক দলকে যেভাবে শেষ উইকেটের জুটিতে হারিয়েছে, তাতে চেন্নাইয়ের দর্শক উঠে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানিয়েছেন।
প্রোটিয়া বাহিনীকে জেতানোর মূলে টেলএন্ডার ব্যাটার কেশব মহারাজ। যাঁর ব্যাটে লেখা থাকে ওঁ। তিনি হনুমানের ভক্ত। এই ভারতীয় বংশোদ্ভূত তারকা নওয়াজের বলে বাউন্ডারি মেরে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় কেশব মহারাজ লিখেছেন, ‘‘ঈশ্বরে আস্থা রয়েছে। দুর্দান্ত একটা ফল উপহার দিয়েছে ছেলেরা। শামসি, মার্করাম দুরন্ত পারফরম্যান্স করেছে। জয় শ্রী হনুমান।’’
দক্ষিণ আফ্রিকা হারের মুখে দাঁড়িয়ে থাকলেও কেশব মহারাজ ও তাবরেজ শামসি সাহস হারাননি। কেশব মহারাজ ২১ বলে সাত রান এবং শামসি ৬ বলে চার রান করেন। দুজনই অপরাজিত থাকেন।
এবারের বিশ্বকাপ ভারতে মাঠে খেলতে এসেই মহারাজ বলেছিলেন, ‘‘ভারতের জন্য বরাবরই আমার মনে একটি বিশেষ জায়গা আছে। আগামী দিনেও সেটি থাকবে। আমি সম্ভবত একমাত্র হিন্দু যে এপার্থাইডের পর দক্ষিণ আফ্রিকা দলের হয়ে অভিষেক ঘটিয়েছি। ভারতে এলে আমার একটা আলাদা নস্টালজিয়া অনুভব হয়। এখানে খেলতে এসে আমি প্রতি মুহূর্ত উপভোগ করতে চাই। এই দেশ আমার পূর্বপুরুষের দেশ।’’