দ্য ওয়াল ব্যুরো: আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়ন লড়াইকে সামনে রেখে দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে নিয়োগ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তিনি ইয়ন মরগ্যান, বেন স্টোকসদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।
২০২০ সালে আইসিসি-র হল অব ফেমে জায়গা করে নেওয়া ক্যালিস দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান ছিলেন। ৪৫টি সেঞ্চুরির অধিকারী এই প্রাক্তন কিংবদন্তি। টেস্টে শচীন তেন্ডুলকরের পরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে। তিনি আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারও হয়েছিলেন।
২০১৪ সালে টেস্ট থেকে অবসরে নেওয়ার পরে কোচ হিসেবে যাত্রা শুরু করেন ক্যালিস। বেশ কয়েকটি দলের কোচিং করিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য, ২০১৯-২০ মরসুমে প্রোটিয়াদের ইংল্যান্ড সফরের সময় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন।
ক্যালিস আইপিএলে কেকেআরেরও প্রাক্তন কোচ ছিলেন। তাঁর সময়ে যদিও ভাল ফল করতে পারেনি কেকেআর। তবে কোচ হিসেবে তিনি স্বীকৃত, তিনি নিজে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন বলে তাঁর অভিজ্ঞতার ঝুলি পূর্ণ।
শ্রীলঙ্কা সফরে ক্যালিস তাঁর সঙ্গে সহকর্মী হিসেবে পাবেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড, সহকারী কোচ পল কলিংউড, স্পিন বোলিং উপদেষ্টা জিতেন প্যাটেল, বোলিং কোচ জন লুইস, ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন এবং উইকেটকিপার উপদেষ্টা জেমস ফস্টারকে।
আগামী ২ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দুটি টেস্ট খেলবে তারা। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে।
৪৫ বছরের কেপটাউনের এই বাসিন্দা মনে করেন, তিনি ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও সমান সফল হবেন।