অশোক মালহোত্রা
বাংলার এক সিনিয়র ক্রিকেটার (Cricketer) আমাকে বুধবার রাত দশটায় ফোন করে জানতে চাইল, পাজি আচমকা এম এস ধোনিকে (MS Dhoni) কেন মেন্টর (Mentor) করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Bcci)? আমি আকাশ থেকে পড়লাম। আরে, এই প্রশ্ন আমাকে করছে কেন? আমি কি বোর্ডের কেউ, না আমার মত নিয়ে এটা করেছে সৌরভরা। আমি তাঁকে যতটা সহজে ভেবেছিলাম কাটিয়ে দেব প্রসঙ্গটা, কিছুতেই আমাকে ছাড়বে না, মত নিয়েই ছাড়বে।
বারবার আমাকে ওই ক্রিকেটার (ইচ্ছে করেই নামটি গোপন রাখছি) বলছিল, পাজি আপনার সময়ে দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছে, আমি জানি আপনার একটা সেন্স আছে এই ব্যাপারে। একটাই কথা তাকে বলেছি, এম এস ধোনিকে ভারতীয় দলের মেন্টর করার ভাবনা সৌরভের মাথা থেকেই বেরিয়েছে। এমন অভিনব ভাবনা মহারাজ ছাড়া কারোর মাথা থেকেই আসবে না, কেউ ভাবতেই পারবে না।
ধোনিকে মেন্টর করা মানে রবি শাস্ত্রীকে বার্তা দেওয়া সমঝে চলো। না হলে সামনে বিপদ রয়েছে। কারণ চলতি টেস্ট সিরিজের সময় রবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভারত হয়তো লর্ডস, ওভাল টেস্ট জিতল, কিন্তু এক্ষেত্রে রবির কতটা ভূমিকা রয়েছে, আমি জানি না। যে কোচ বায়ো-বাবল সিস্টেম ভেঙে একটা প্রকাশ্য অনুষ্ঠানে চলে যেতে পারে। করোনার মতো ভাইরাসকে ডেকে আনতে পারে, তাঁর আচরণ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বিষয়।
আমি বলছি না, ঘরে বসে এই ভাইরাস সংক্রমিত হবে না, কিন্তু সেটি ঘটলে কিছু বলার থাকত না। কিন্তু চলতি সিরিজে এক বা একাধিক ক্রিকেটার যদি সংক্রমিত হতো, তা হলে কোচ কী বলতেন? আমি এদিক থেকে বিরাটকেও বলব, তারও দায়িত্ববান হওয়া উচিত ছিল। কোচ ও অধিনায়ক বাকি দলের সদস্যদের কোথাও যেতে বললে, ইচ্ছে না থাকলেও যেতে হবেই। এক্ষেত্রেও হয়তো লন্ডনে তাই হয়েছে।
আমি তো বলব, শাস্ত্রীর ওই ঘটনাও ধোনিকে মেন্টর করার মূল কারণ হতে পারে। বিশ্বকাপের মতো একটা মঞ্চে মেন্টর হিসেবে অভিষেক করানো মানে ধোনি একটা সিস্টেমে চলে এল। টি ২০ বিশ্বকাপের পরেই শাস্ত্রীর কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। তারপর রবি আর নিজেই থাকবে বলে মনে হয় না, ধোনিকে তার মধ্যে এনে আরও কঠিন বার্তা দেওয়া গিয়েছে।
কোচ থাকতে মেন্টর কেন দলে? এই প্রশ্ন উঠছে সেই কারণে। তবে একটা কথা বলে রাখি, ছোট মেয়াদের ক্রিকেটে ডিআরএস খুবই গুরুত্বপূর্ণ হয় ম্যাচের মধ্যে। সেটি অনেকসময় মাঠে থেকে সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। এক্ষেত্রে বিশ্বকাপের সময় ড্রেসিংরুম থেকে সহায়তা করবে ধোনি। মাহি এ ব্যাপারে একদম যোগ্য লোক, যে এই কাজটি উইকেটের পিছনে দাঁড়িয়ে দীর্ঘদিন করে এসেছে। তাই অনেকেই বলছে, ধোনি নাকি ডিআরএস কোচ!
কোচ থাকতে মেন্টর কেন, এই কথা বলার সময় এখন নয়। আধুনিক ক্রিকেটে কোচের ভূমিকা বারবার বদল হয়েছে। সেই ট্রেন্ডে শাস্ত্রী সচল কিনা, সেই প্রশ্নও উঠে গেল। কোহলি, রোহিতদের সাজঘরে ধোনি থাকা মানে একটা ফিলগুড আবহ থাকবে, আর ধোনির ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কারোর কোনও সন্দেহ নেই, ও যাতে হাত দিয়েছে, সোনা হয়ে গিয়েছে নিমেষের মধ্যেই।