
ঈশান কিষান
শেষ আপডেট: 23 March 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি। এই মর্মে জাতীয় দলের ব্রাত্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষানকে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় ঠাঁই দেয়নি বিসিসিআই।
সামনেই ঘোষিত হতে চলেছে সেন্ট্রাল কন্ট্রাক্টের আরেক দফা লিস্ট৷ তার আগে আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তরুণ ক্রিকেটার। শুধু শতরান বললে পুরোটা বলা হয় না। বলতে হত বিধ্বংসী শতরান। তার কারণ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৪৭ বলে করা ১০৬ রানের অপরাজেয় ইনিংস সাজানো রইল ৬টি ছক্কা আর ১১টি চারে।
গত মরশুমে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। এ বছর নিলামে ঈশান কিষানকে রাখতে চায়নি তারা। যার ফায়দা লোটে সানরাইজার্স টিম। ১১ কোটি ২৫ লক্ষ টাকায় তাকে কিনে নেয় হায়দরাবাদ। তাদের স্ট্র্যাটেজি যে ভুল ছিল না, ৪৫ বলে শতরান করে বুঝিয়ে দিলেন ঈশান।
এর নিট ফল: দল তুলল ২৮৬ রান। নিজেদেরই গড়া আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের থেকে মাত্র ১ রান দূরে থমকাল হায়দরাবাদ। যদিও ইতিমধ্যে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঈশানের টিম৷ বল হাতে নেমে তিন উইকেট তুলে ফেলেছেন মহম্মদ শামিরা। বড় টার্গেট মাথায় খেলতে নেমে চাপের মুখে দিশাহারা রাজস্থান শিবির৷