
শেষ আপডেট: 2 February 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল খেলাকে যে সমাজের নয়া প্রজন্ম দারুণভাবে গ্রহণ করেছে, তা মাধ্যমিক পরীক্ষাতেও রেশ পড়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিকের বাংলা পরীক্ষা। সেই পরীক্ষায় প্রশ্ন এসেছে আইপিএল নিয়ে। এতদিন ক্রিকেট নিয়ে প্রশ্ন এসেছে, কিন্তু এবারে সেই স্থানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকেও গুরুত্ব দিচ্ছে পর্ষদ।
এদিন দেখা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন ভাইরাল হয়ে যায়। তার সঙ্গে পরীক্ষার্থী যে প্রশ্নপত্র পেয়েছে, তার হুবহু মিল। তাতে দেখা গিয়েছে, বাংলা পরীক্ষার দ্বিতীয় পাতায় আইপিএল নিয়ে প্রশ্ন এসেছে।
এমনভাবে প্রশ্নটিকে রাখা হয়েছে, ‘আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।’ – গঠন অনুসারে বাক্যটি – ক) সরল বাক্য, খ) জটিল বাক্য, গ) যৌগিক বাক্য না, ঘ) মিশ্র বাক্য।
এই চারটি বিকল্পের মধ্যে সঠিক জবাব যৌগিক বাক্য। আইপিএলের সঙ্গে কেকেআরের ছোঁয়াও রয়েছে প্রশ্নে। এবার আইপিএল শুরু হবে মার্চ মাস থেকে। মে মাস পর্যন্ত চলবে। তার মধ্যে অবশ্য লোকসভা নির্বাচন আছে। সেইসময় আইপিএলের খেলা হবে কিনা সেই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তখন খেলা বিদেশে করা যায় কিনা, সেই নিয়েও আলোচনা চলছে।