
শেষ আপডেট: 20 December 2023 16:51
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের এখানেই সবচেয়ে বেশি সার্থকতা। যে মঞ্চে অখ্যাত তারকাও হয়ে ওঠেন কোটিপতি। তিনি চলে আসেন পাদপ্রদীপের আলোয়।
ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে এমনই চমক দেখালেন রবীন মিঞ্জ। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম আদিবাসী ক্রিকেটার। ধোনির রাজ্য ঝাড়খণ্ডের গুমলা জেলা থেকে উঠে এসেছেন এই অচেনা প্রতিভা। যিনি ভারতীয় ক্রিকেটে পাওয়ারহিটার হিসেবে বিশেষ পরিচিত।
চলতি বছরের অগস্ট মাসে মুম্বই ইন্ডিয়ান্স ইংল্যান্ডে একটি আইপিএলের প্রস্তুতি শিবির বসিয়েছিল। সেই শিবিরে রবীনকেও বিলেতে পাঠানো হয়। তাঁকে মুম্বই শিবির নাম দিয়েছে ইন্ডিয়ান পোলার্ড। ক্যারিবিয়ান তারকার মতোই ছয় মারতে ওস্তাদ এই নবীন ব্যাটার।
মঙ্গলবার নিলামে এই রবীনকে তিন কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে গুজরাত টাইটান্স। তাঁকে নেওয়ার বিষয়ে দৌড়ে ছিল দিল্লি ও মুম্বইও। কিন্তু হার্দিকের পুরনো দলের কর্তারা এই উদীয়মান প্রতিভাকে তুলে চমকই দেখিয়েছেন। যিনি ইংরাজিতেও স্বচ্ছন্দ নন, হিন্দিতেই কথা বলেন।
রবীনের বাবা দিনমজুর ছিলেন। এখন অবশ্য বাড়িতে দর্জির ব্যবসা করেন। রবীনকে ভারতীয় ক্রিকেটে পরিচিতি দেন আরও এক রবীন, তিনি উত্থাপা। এই প্রাক্তন নামী তারকা একটি বার্তা দিয়ে তাঁর আগমনকে স্বীকৃতি দিয়েছিলেন। তারপর রবীনের বিষয়ে দলের আধিকারিকদের বলেছেন দলের অধিনায়ক শুভমন গিল। তাঁর কথাতেই প্রায় চার কোটি দিয়ে নিয়েছে গুজরাত। রবীন বিশেষত বাঁহাতি ব্যাটার, যাঁর আইকন ধোনি।
শুধু তাই নয়, ধোনির কোচ চঞ্চল ভট্টচার্যের কাছে রবীনের ক্রিকেটের হাতেখড়ি। ঝাড়খণ্ডের হয়ে অনূর্ধ্ব ১৯ এবং ২৫ দলের হয়ে দাপটে খেলেছেন ২১ বছরের প্রতিভা। তিনি এবার আইপিএলে চমক হতে পারেন, সেটি মনে করছেন বিশেষজ্ঞরা।