আইপিএল ২০২৬-এ (IPL 2026) খাদের কিনারায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)! চার ম্যাচে তিন হার নিয়ে বিধ্বস্ত হার্দিক পান্ডিয়া এবার দিলেন বড় বার্তা।

হার্দিক পান্ড্য
শেষ আপডেট: 13 April 2026 09:27
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএল মরশুমে শুরুটা জয় দিয়ে হলেও, পরে যেন পথ হারিয়ে ফেলেছে মুম্বই (Mumbai Indians)। চার ম্যাচে মাত্র একটা জয়, তিনটে পরাজয়—এই হতাশাজনক ফলাফল নিয়ে তালিকার অষ্টম স্থানে এসে দাঁড়িয়েছে তারা। শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের পর অধিনায়ক হার্দিক পান্ড্য (Hardik Pandya) নিজেই স্বীকার করলেন, দলকে নতুন করে ভাবতে হবে।
ম্যাচের পর হার্দিক বলেন, “আমাদের সত্যিই ভাবার সময় এসেছে। বসে ভাবতে হবে ঠিক কী হচ্ছে। কীভাবে ছন্দ ফিরিয়ে আনা যায়। সামনে কয়েকটা দিন সময় আছে, সেটাকেই কাজে লাগাতেই হবে।” তাঁর কথায় স্পষ্ট, দল এখন আত্মসমীক্ষার পথে হাঁটতে চাইছে।
টস জেতার পরও পরিকল্পনা ঠিকমতো কাজে লাগছে না বলেও ইঙ্গিত দেন অধিনায়ক নিজে। তাঁর কথায়, “আমরা কয়েকটা ম্যাচে টস জিতেছি ঠিকই কিন্তু সেটার কোনও প্রভাব দেখা যাচ্ছে না। এখন ব্যাটিং হোক বা বোলিং—সব দিকই নতুন করে ভাবতে হবে।”
মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ যেমন প্রত্যাশা পূরণ করতে পারছে না, তেমনই বোলিংয়েও ধার কম। একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে দল পিছিয়ে পড়ছে, যার ফলে ম্যাচ হাতছাড়া হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট মহলের অনেকেই।
এবারের মরশুমে শুরুতে জয়ের পর যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই ম্লান। টানা তিন হারের ধাক্কা সামলে দল কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন বড় প্রশ্ন।
এদিকে, আগামী ম্যাচে মুম্বইয়ের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ২৬ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। প্রতিপক্ষ এখন দুর্দান্ত ফর্মে। চার ম্যাচে তিনটি জয় নিয়ে তারা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। গত মরশুমের ফাইনালিস্ট দল হিসেবে পাঞ্জাব ইতিমধ্যেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। ফলে এই ম্যাচ মুম্বইয়ের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই।
এই কঠিন পরিস্থিতি থেকে মুম্বই কি আবার নিজেদের ছন্দে ফিরতে পারবে? নাকি পাঞ্জাবের দাপট আরও বাড়বে, সেটাই এখন দেখার।