2.png)
ঋষভের সঙ্গে জাহির
শেষ আপডেট: 28 April 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: রবিবার লখনউ সুপার জায়ান্টস (LSG) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে হেরে গিয়েছে ৫৪ রানের বড় ব্যবধানে। যা লখনউয়ের প্লে অফে (Play OFF) ওঠার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। এবার পরবর্তী প্রতিটা ম্যাচই তাদের কাছে ‘ডু অর ডাই’ (Do or Die)। রবিবার মুম্বইয়ের বিপক্ষে ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লখনউ ২০ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায়।
মিডল অর্ডারদের (Middle Order) ব্যাটিং ব্যর্থতাই এবার ভোগাচ্ছে লখনউকে। তিন টপ অর্ডার ব্যাটার নিকোলাস পুরান, এইডেন মার্করাম ও মিচেল মার্শ ছাড়া আর কেউই নিজেদের মেলে ধরতে পারছেন না। ফলে ভাল শুরু করেও বেশ কিছু ম্যাচ হারতে হয়েছে তাদের।
এদিকে দলে রয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু তাঁর ব্যাট (Bat) এখনও নীরব। ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়ে চলেছেন তিনি।
এবার পন্থকে সতর্ক করলেন লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা (Consultanat) জহির খান (Jaheer Khan)। ভারতীয় দলের এই প্রাক্তন পেসার বলেন, পন্থের অধিনায়কত্ব (Captaincy) ভাল, তবে তাঁকে ব্যাট হাতেও ভাল পারফর্ম করতে হবে।
জাহিরের মতে, পন্থ একজন অধিনায়ক হিসাবে সমস্ত মানদণ্ড পূরণ করছেন, তবে চলতি আইপিএলে খারাপ স্কোর কাটিয়ে উঠতে তাঁকে ব্যাট হাতে বিশেষ কিছু করতে হবে। এই মরশুমে এখনও পর্যন্ত ব্যাট হাতে ভাল পারফর্ম করতে পারেননি পন্থ। নিলামে ২৭ কোটি টাকায় বিক্রি হওয়া এই খেলোয়াড় ১০ ম্যাচে মাত্র ১১০ রান করতে পেরেছেন। এর মধ্যে ছয়বার তিনি দুই অঙ্কের গণ্ডি স্পর্শ করতে পারেননি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাঁর ৬৩ রানের ইনিংসটি অসাধারণ থাকলেও মুম্বইয়ের বিপক্ষে আউট হয়েছেন পার্টটাইম স্পিনার উইল জ্যাকসের বলে।
মুম্বইয়ের বিপক্ষে পরাজয়ের পর জহির বলেন, 'আমি এটাকে কোনও কিছুর সঙ্গে যুক্ত করব না। ঋষভ একজন নেতা এবং সেই ভূমিকায় ও অসাধারণ ভূমিকা পালন করছেন। এটা এমন কিছু যা আমি গ্যারান্টি দিতে পারি। প্রত্যেক ব্যক্তিকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য, তাঁদের কথা শোনার জন্য এবং আইপিএলে যা কিছু ঘটে তার পরিকল্পনা করার জন্য ঋষভ অসাধারণ কাজ করছে।'
জহির বলেন, অধিনায়ক হিসাবে পন্থের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দল আশা করে যে, ২৭ বছর বয়সি এই খেলোয়াড় ব্যাট হাতে তাঁর ফর্ম ফিরে পাবে। তিনি বলেন, 'মিডল অর্ডার ব্যাটার হিসাবে ঋষভের উপর আমরা নির্ভরশীল এবং আমি নিশ্চিত যে আমরা ওর কাছ থেকে যা চাই তা ঠিক পূরণ হবে।'