
রাহানে ও ধোনি
শেষ আপডেট: 7 May 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: আজ সন্ধে সাড়ে সাতটায় ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবিলের লাস্টবয় সিএসকের কাছে এই ম্যাচ স্রেফ নিয়মরক্ষার হলেও কেকেআরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নাইটরা দাঁড়িয়ে রয়েছে খাদের কিনারায়। একটি ম্যাচে হার মানেই চলতি আইপিএলে অতল গহ্বরে তলিয়ে যাওয়া।
এদিকে, এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ এই ম্যাচ হবে তো?
আসলে ভারত সরকার পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গি নিকেশ করতে শুরু করেছে ‘অপারেশন সিঁদুর ২০২৫’ (Operation Sindoor 2025)। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (POK) নয়টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে এবং এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর ২০২৫’। আর এই অভিযানের পর নেটিজেনরা কৌতূহলী হয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, আজ কেকেআর-সিএসকে ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা? ‘অপারেশন সিঁদুর ২০২৫’ কি আইপিএল ২০২৫ এবং আজকের কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলার উপর কোনও প্রভাব ফেলবে? নাকি এটা স্থগিত (Postponed) করা হবে? আইপিএল ২০২৫ এখন বিজনেস এন্ডে পৌঁছে গিয়েছে। প্লে অফে (Play Off) ওঠার দৌড়ে সাতটি দলের মধ্যে চলছে তুল্যমূল্য লড়াই। প্রতিটি ম্যাচই পয়েন্ট টেবিলে বিশাল প্রভাব ফেলছে। চেন্নাই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও কলকাতা এখনও দৌড়ে আছে।
১১ ম্যাচে পাঁচটি জয় এবং পাঁচটি পরাজয় নিয়ে কেকেআরের ১১ পয়েন্ট। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। একই সময়ে তাদের নেট রান রেট +০.২৪৯। একটি পরাজয় অথবা একটি ম্যাচ বাতিল হলে তাদের প্লে অফের যোগ্যতা অর্জনে প্রভাব পড়তে পারে। এখান থেকে প্রতিটি ম্যাচ জেতা কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ।
তবে, এই ম্যাচ স্থগিত করার বিষয়ে বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে এমন কোনও তথ্য পাওয়া যায়নি। বিসিসিআই এ বিষয়ে কোনও আপডেটও দেয়নি।
তবে কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজও একটি মক ড্রিল অনুষ্ঠিত হতে পারে, যেখানে ভারতীয় নাগরিকদের যেকোনও অপরিকল্পিত আক্রমণ এড়ানোর উপায় সম্পর্কে বলা হবে। এটি সম্ভবত বিকাল ৪টায় শুরু হবে। ব্ল্যাকআউট ড্রিলস সন্ধ্যা ৭:৩০টায় অনুষ্ঠিত হতে পারে। এমন পরিস্থিতিতে ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে, তবে বিসিসিআই থেকে এখনও কোনও আপডেট আসেনি। যদি বিসিসিআই কোনও আপডেট না দেয় তবে ম্যাচটি তার নিয়মিত সময়েই শুরু হবে।
এদিকে, আইপিএলের পাশাপাশি প্রতিবেশী দেশে চলছে পাকিস্তান সুপার লিগ (PCL)। আইপিএলের উপর হয়তো কোনও প্রভাব পড়বে না, কিন্তু ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ অবশ্যই পাকিস্তান সুপার লিগের উপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের অনেক এলাকায় জরুরি অবস্থাও জারি করা হয়েছে। এছাড়াও অনেক আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশে বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে, পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলি অবশ্যই স্থগিত হতে পারে।