
জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 7 April 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাম্পে যোগ দিয়েছিলেন আগেই। তাই নিয়ে ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছিল। দীর্ঘ চোটের ধাক্কা সামলে এখন কেমন আছেন বুমরাহ (Jasprit Bumrah)—সে বিষয়ে অনুরাগীদের মনে অনেক প্রশ্ন জমে ওঠে। তারকা পেসারের প্রত্যাবর্তনের পর মুম্বই সমর্থকেরা খুশিতে উজ্জীবিত হয়ে উঠলেও একটা সন্দেহ ও সংশয়ের কাঁটা ছিলই।
সেই কাঁটা দূর করতে নেটে নেমে গা ঘামানো পেসারের বোলিংয়ের ক্লিপ শেয়ার করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে ঠিকানা-লেখা ইয়র্কারে এক সতীর্থের মিডল স্ট্যাম্প ছিটকে দিয়েছেন বুমরাহ। ২৫ সেকেন্ডের ওই ক্লিপের ক্যাপশনে লেখা: ‘গুডনাইট পল্টন’।
Goodnight Paltan! ????#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
প্রসঙ্গত, ট্রেনিং শুরু করলেও কোন ম্যাচ থেকে বুমরাহকে খেলতে দেখা যাবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। আগে ঠিক ছিল, আজ, সোমবার আরসিবির বিরুদ্ধে মহারণে নামবেন না সদ্য চোট সারিয়ে ফেরা পেসার। বদলে আগামী ১৭ তারিখ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে।
যদিও এই নিয়ে বড়সড় দাবি করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। জানিয়েছেন, আজই টিম লিস্টে বুমরাহর নাম দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা।
এর পাশাপাশি দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন বলে বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। জয়বর্ধনে বলেন, ‘বুম (বুমরাহ) বেশ বড়সড় চোট সারিয়ে ফিরেছে। তাই আমাদের উচিত ওকে সময় দেওয়া। এখনই খুব বেশি প্রত্যাশা করাটাও ঠিক হবে না। কিন্তু ওকে যতদূর জানি, জসপ্রীত আজকের লড়াইয়ের জন্য মুখিয়ে থাকবে। আমরাও বুমরাহর মতো একজনকে পেয়ে খুব খুশি।‘
পাশাপাশি শুধুমাত্র বল হাতে নয়, বুমরাহর অভিজ্ঞতাও যে ক্রিকেটারদের প্রভাবিত করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই জয়বর্ধনের। তিনি বলেন, ‘বুমরাহ মানেই বাড়তি অভিজ্ঞতা। বোল্টি (ট্রেন্ট বোল্ট), দীপক চাহারদের সঙ্গে কথাবার্তা, তাদের পরামর্শ দেওয়া কাজে লাগবে। আর আমরা ওর থেকে এই বিষয়গুলিই আশা করছি।‘
উল্লেখ্য, গত বছর বর্ডার গাভাসকার ট্রফিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল বুমরাহকে। টুর্নামেন্টে সাকুল্যে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হলেও সিডনি টেস্ট চলাকালীন পিঠে চোট পান। যা এতটাই গুরুতর ছিল যে, চতুর্থ ইনিংসে বল পর্যন্ত করতে নামতে পারেননি।
এরপর দেশে ফিরে এলে কিছুদিনের বিশ্রামের পর চলে যান বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বুমরাহ। একাধিকবার স্ক্যান করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রভিশনাল স্কোয়াডে থেকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। সেই সময় সারেনি চোট। কবে সারবে সেই বিষয়ে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। আবছাভাবে মনে করা হচ্ছিল, এপ্রিলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিতে পারেন বুমরাহ। চিকিৎসকদের রিপোর্টে বলা হয়, ‘এখনই বলা যাচ্ছে না কতগুলি ম্যাচ বুমরাহ মিস করবেন কিংবা নিশ্চিত কোন তারিখ তাঁকে মাঠে নামতে দেখা যাবে।’ কিন্তু কার্যত দেখা গেল চারটি ম্যাচে বুমরাহকে ছাড়া খেলতে হল মুম্বইকে। সবকিছু ঠিক থাকলে আজই কোহলির বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ।