
রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে রাহানে, বেঙ্কি, ব্র্যাভোরা
শেষ আপডেট: 22 April 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: গত বারের চ্যাম্পিয়নদের (Champion) এবার বেহাল দশা। কোনও কিছুই কাজ করছে না। একমাত্র বোলাররা মাঝেমধ্যে দিশা দেখালেও ব্যাটিং, ফিল্ডিংয়ের দশা তথৈবচ। বেঙ্কটেশ আয়ারকে (Venkatesh Iyer) প্রায় ২৫ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল কেকেআর। কিন্তু একটি ম্যাচ ছাড়া সবটিতেই তিনি ব্যর্থ। আন্দ্রে রাসেল অতীতের ছায়া মাত্র। ব্যাটার সুনীল নারাইন তাঁর গতবারের ভেলকি দেখাতে পারছেন না। ব্যর্থ রিঙ্কু, রমণদীপরাও।
ফিল সল্টের জায়গা নেওয়ার অবস্থায় যে কুইন্টন ডি কক নেই, সেটাও বোঝা যাচ্ছে। রায়ান একেলটনও মিচেল স্টার্ক নন। আর এই সব মিলিয়ে আইপিএল (IPL) পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স রয়েছে (KKR) সাত নম্বরে। আট ম্যাচ খেলে হেরেছে পাঁচটিতেই। বাকি আর ছয় ম্যাচ। এর মধ্যে পাঁচটিতে জিতলে টিকে থাকবে প্লে-অফের স্বপ্ন।
সোমবার রাতে গুজরাট টাইটান্সের কাছে ৩৯ রানে হেরেছে কেরেআর। মঙ্গলবার বেলার দিকে দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক অজিঙ্কা রাহানে, সিইও বেঙ্কি মাইসোর, সহকারী কোচ ওটিস গিবসন, পেসার আনরিখ নোকিয়ারা হাজির হন টালিগঞ্জের রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে (Royal Calcutta Golf Club), সবুজ গালিচার মতো কোর্সে নাইটদের বার্ষিক গলফের আসরে।
এদিনের এই অনুষ্ঠানে একটি মানবিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়। বাংলার পিছিয়ে পড়া মহিলাদের স্বপ্নপূরণে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেকেআর। যে প্রকল্পের নাম রাখা হয়েছে ‘সাহসী রানি’। সমাজের অনগ্রসর মহিলাদের পাশে থাকতে বদ্ধপরিকর শাহরুখ খান-জুহি চাওলার দল। বাছাই করা মহিলাদের আর্থিকভাবে সাহায্য তো করা হবেই, দেওয়া হবে কারিগরি প্রশিক্ষণও। যাতে তাঁরা সাবলম্বী হয়ে উঠতে পারেন।
আইপিএল চলাকালীন দলের অধিনায়ক, মেন্টররা সামনে থাকলে ক্রিকেট নিয়ে আলোচনা তো হতেই হবে। নাইটদের ক্যারিবিয়ান মেন্টর ব্র্যাভো অবশ্য হাল না ছাড়ার বার্তা দিলেন। তিনি বললেন, ‘কাল (সোমবার) রাতে ম্যাচ খেলেছে ছেলেরা। তারপর এই নিয়ে আলাদা করে কথা হয়নি। আমরা বসব, দল হিসাবে কোথায় উন্নতি করা যায় দেখব। ক্রিকেটারদের সাহস জুগিয়ে যেতে হবে। ওদের আরও বেশি করে পরিশ্রম করতে হবে। শেষ ৬টা ম্যাচ আমাদের জেতার জন্য ঝাঁপাতে হবে।’
১১ বছরের পুরোনো ঘটনা মনে করিয়ে নাইটদের কর্ণধার বেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেন, ‘২০১৪ সাল (2014) মনে আছে তো! প্রথম সাত ম্যাচের পাঁচটিতে হেরে গিয়েছিলাম। সেখান থেকে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলাম। আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২১ দেখুন। প্রথম সাত ম্যাচের পাঁচটিতে হেরেছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে খেলেছিলাম। চ্যাম্পিয়ন হতে না পারলেও, সেই সাফল্যকে ভুলে যাওয়া চলে না। সেবার পারলে এবার নয় কেন?’
রাহানে বলে দিলেন, ‘ব্র্যাভো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। আমরা সকলে মিলে আলোচনা করব। সঠিক কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করব।’
এরই মাঝে ইডেনের পিচ বিতর্ক উসকে প্রশ্ন করা হয়, সোমবার হারের জন্য পিচ কোনও ভাবে দায়ী কি না। সহাস্য ব্র্যাভো জানান, পিচ খুব ভালো ছিল। কেকেআরের সামনে এখন সোনালি ইতিহাসই ঘুরে দাঁড়ানোর মন্ত্র।