
রিকি পন্টিং
শেষ আপডেট: 21 April 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কাছে হার (Loss) হজম (Digest) করতে পারছেন না পঞ্জাব কিংসের (Punjab Kings) চানক্য (Coach) রিকি পন্টিং (Ricky Ponting)। চলতি আইপিএলে (IPL) পরপর দুইবার বেঙ্গালুরুর মুখোমুখি হল পঞ্জাব। কিন্তু দুই দিনের মধ্যেই বদলে গেল ফলাফল।
পঞ্জাব বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে আরসিবিকে হারিয়েছিল। কিন্তু নিজেদের মাঠে সেই বেঙ্গালুরুর কাছেই হারতে হল পন্টিংয়ের ছাত্রদের। এই হারের ফলে পয়েন্ট টেবলেও তাদের অবনমন হয়েছে। তিন থেকে নেমে গিয়েছে চারে।
পরাজয়ে হতবাক পন্টিং বলেন, ১৫৭ রানের স্কোরের থেকে এই পিচ অনেক ভাল ছিল। দলের ব্যাটাররা পুরোপুরি হতাশ করেছে। রবিবার পঞ্জাবের হয়ে সর্বাধিক রান করেন প্রভসিমরন সিং। তিনি ৩৩ রান করেন, আর শশাঙ্ক সিং ৩১ রানে অপরাজিত থাকেন। লক্ষ্য তাড়া করতে নেমে, বিরাট কোহলি অপরাজিত ৭৩ রান করেন এবং দেবদত্ত পাডিক্কাল ৬১ রানের অবদান রাখেন, যার ফলে আরসিবি সাত বল বাকি থাকতেই জিতে যায়।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে পন্টিং বলেন, 'আমার মনে হয় উইকেটটি ১৫৭ রানের চেয়ে অনেক ভাল ছিল। আমাদের অনেক ব্যাটার ভাল শুরু করেও বড় স্কোর করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় স্কোর না এলে দুই দলের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়।' পন্টিং বলেন, পঞ্জাব ব্যাটারদের কোহলির কাছ থেকে শেখা উচিত। বিরাটকে দেখে শেখা উচিত, ইনিংসকে কীভাবে দীর্ঘায়িত করতে হয়।
প্রাক্তন অজি অধিনায়ক তথা পঞ্জাবের কোচ বলেন, 'বিরাট শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ় ছিল। আমরা ভাল শুরুর সুযোগ নিতে পারিনি। আমার মনে হয়, পাওয়ার প্লে শেষে আমাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৬২, যা এই ধরনের ম্যাচে যতটা স্কোর আশা করা উচিত তার কাছাকাছি ছিল। আমাদের লক্ষ্য ছিল ১৮০ রান করা, এমনকি মিডল অর্ডার ভাল ব্যাট করলে ২০০ রানও উঠে যেতে পারত। কিন্তু আমরা অনেক উইকেট হারিয়েছি, যা টুর্নামেন্টে প্রথমবারের মতো ঘটেনি।'
পাশাপাশি পন্টিং আরসিবির স্পিনার সুযশ শর্মা এবং ক্রুণাল পান্ডিয়ার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি মনে করছেন, ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড ১৭ থেকে ২০ ওভারের মধ্যে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম স্কোর ১৮০-র কাছাকাছি পৌঁছে যাবে। তবে, শেষের দিকে ভুবি এবং হ্যাজেলউডের ডেথ বোলিং আমাদের ১৫৭ রানে আটকে দেয়।'