
রাজস্থান বনাম মুম্বই
শেষ আপডেট: 2 May 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) সাধারণত গোলাপি ও নীল (Pink and Blue) রঙয়ের জার্সি (Jersey) পড়ে খেলে। কিন্তু
আইপিএল ২০২৫-এর ৫০তম ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস ক্রিকেটারদের গায়ে ছিল গোলাপি জার্সি (Pink Jersey) । সেখানে নীল রঙ ছিল না। পিঙ্ক সিটি জয়পুরের (Jaipur) সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গতকাল রাজস্থানের ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে। এই ম্যাচে গোলাপি জার্সি পড়ে নামার পিছনে অবশ্য একটি বিশেষ কারণ রয়েছে।
রাজস্থানের কাছে এটি ছিল তাদের পিঙ্ক প্রমিজ ক্যাম্পেইনের (Pink Promise Campaigning) একটি অংশ। যার অধীনে দলটি গ্রামীণ ভারতের মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে।
পিঙ্ক প্রমিজ ক্যাম্পেইনের লক্ষ্য রাজস্থানের মহিলাদের ক্ষমতায়ন ও উন্নতি (Women’s Empowerment)। এর আওতায়, বৃহস্পতিবারের ম্যাচে বিক্রি হওয়া প্রতিটি টিকিট থেকে ১০০ টাকা অনুদান দেওয়া হবে মহিলাদের উন্নতিকল্পে। এছাড়াও, গোলাপি জার্সির বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ সামাজিক সমতা শাখা রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনে (RRF) যাবে। পাশাপাশি, রাজস্থান রয়্যালস এবং আরআরএফ সাম্বার এলাকার ছয়টি বাড়িতে সৌর প্যানেল স্থাপন করবে।
আরআর-এর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, "রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচটি আইপিএল ২০২৫-এর বহুল প্রতীক্ষিত পিঙ্ক প্রমিজ ম্যাচ। রয়্যালসের পিঙ্ক প্রমিজ হল- রাজস্থানে মহিলা-নেতৃত্বাধীন রূপান্তরকে সমর্থন অব্যাহত রাখা। গত বছর, 'পিঙ্ক প্রমিজ' অভিযানে লুমিনাসের মতো অংশীদারদের সমর্থনে ২৫০টিরও বেশি বাড়িতে আলো এনে হাজার হাজার জীবন আলোকিত করা হয়েছিল।"