2.png)
তানভীর আহমেদ
শেষ আপডেট: 24 April 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL) হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের (Match Fixing) সবথেকে বড় মঞ্চ। এমনই বিস্ফোরক দাবি তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার (Pakistan Cricketer)। তবে এই মন্তব্যের পরই তাঁকে ঘিরে সমালোচনার ঝড় উঠেত শুরু করেছে নেটিজেনদের মধ্যে। এমনকি তাঁকে ‘ভাঁড়’ (Joker) বলেও সম্বোধন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পাকিস্তানের হয়ে ৫টি টেস্ট, ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা তানভীর আহমেদের (Tanveer Ahamed) মতে, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ম্যাচ গড়াপেটার ‘সবচেয়ে বড় মঞ্চ’। তাঁর এই অভিযোগ এসেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি (Joydeep Bihani) একই অভিযোগ করার পর।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে ১৬ এপ্রিল সুপার ওভারে (Super Over) হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এরপর ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষেও মরু শহরের ফ্র্যাঞ্চাইজি ফের হেরে যায় ২ রানে। দু’টি ম্যাচেরই এক সময় পর্যন্ত মনে হচ্ছিল রাজস্থানের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই ম্যাচ দু’টির পরই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন বিহানি। তবে অভিযোগ অস্বীকার করে চিঠি পাঠিয়ে কড়া জবাবও দিয়েছে রাজস্থান রয়্যালস।
আরসিএ-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রাজস্থান রয়্যালসের কাছ থেকে প্রাপ্য আইপিএলের টিকিট না পাওয়ার জন্য তারা এমন দাবি করেছে। আরসিএ আইপিএলে সাধারণত যে পরিমাণ টিকিট পেয়ে থাকে, এবার তার চেয়ে কম পেয়েছে।
এবার তানভীর এ বিতর্কে নতুন করে উস্কে দিলেন। প্রাক্তন এই ডানহাতি পেসার এক্স হ্যান্ডলে লিখেছন, ‘বিসিসিআই (BCCI) গর্ব করে দাবি করে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ। হ্যাঁ, এটা তা–ই, কিন্তু এটা ম্যাচ ফিক্সিংয়ের সবচেয়ে বড় মঞ্চও। বেশির ভাগ দলই জুয়াড়িদের হাতের মুঠোয়।’
৪৬ বছরের তানভীরের এই মন্তব্য অনেক নেটিজেনই ভালভাবে নেননি। একজন মন্তব্য করেছেন, ‘বিসিসিআই কবে এমন দাবি করল, সেটা একবারের জন্য হলেও দেখান। আপনি একটা ভাঁড়, যে ৫টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে। এটাই আপনার জীবনের একমাত্র অর্জন।’
অপর এক ব্যক্তি লিখেছেন, ‘মাত্র ৫টি টেস্ট খেলা এই প্রতারক, যে কিনা নজর কাড়তে চায়, তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার অনুরোধ করছি বিসিসিআইয়ের কাছে।’ আরেকজন নেটিজেন যিনি সম্ভবত পাকিস্তানি, তিনি লিখেছেন, ‘আমাদের প্রাক্তন ক্রিকেটাররা গোটা বিশ্বের সামনে আমাদের লজ্জায় ফেলতে কখনও ব্যর্থ হয় না।’